তিনটি বড় বিদ্যুৎকেন্দ্র প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি বড় বিদ্যুৎকেন্দ্র চলতি বছরের মধ্যে পূর্ণ ক্ষমতায় উত্পাদন শুরু হচ্ছে। তিনটির মধ্যে দুটি বেসরকারি, একটি সরকারি খাতের। বেসরকারি খাতের একটি ও সরকারি খাতের কেন্দ্রটিতে ইতিমধ্যে আংশিক (প্রায় ৫০০ মেগাওয়াট) উত্পাদন শুরু হয়েছে। 

কেন্দ্র তিনটির মোট পূর্ণ উত্পাদন ক্ষমতা প্রায় এক হাজার ১০০ মেগাওয়াট। এর দুটি কেন্দ্র গ্যাসভিত্তিক ও একটি দ্বৈত জ্বালানিভিত্তিক (গ্যাস অথবা ডিজেল)। সরকারি খাতের হরিপুর ৪৫০ মেগাওয়াট গ্যাসভিত্তিক কেন্দ্রটিতে পরীক্ষামূলক উত্পাদন চলছে। সেখান থেকে জাতীয় গ্রিডে বর্তমানে প্রায় ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালিত হচ্ছে।
অন্য যে কেন্দ্রটিতে পরীক্ষামূলক উত্পাদন শুরু হয়েছে সেটি বেসরকারি খাতের মেঘনাঘাট ৩৩৫ মেগাওয়াট। এই কেন্দ্রটি দ্বৈত জ্বালানিভিত্তিক। দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় বিদ্যুৎ উত্পাদনকারী কোম্পানি সামিট পাওয়ার এই কেন্দ্রটি নির্মাণ করেছে। বর্তমানে এই কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালিত হচ্ছে। তবে গ্যাস সংযোগ না পাওয়ায় এটি চালানো হচ্ছে ডিজেল দিয়ে।
অপর কেন্দ্রটি হচ্ছে ৩৩৫ মেগাওয়াট ক্ষমতার বিবিয়ানা-২। গ্যাসভিত্তিক এই কেন্দ্রটিও নির্মাণ করছে সামিট। তাঁদের সঙ্গে যৌথ উদ্যোক্তা হিসেবে আছে জি ই আমেরিকা। এই কেন্দ্রটি আগামী সেপ্টেম্বরে চালু হবে।
সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান জানান, কেন্দ্রটিতে গ্যাসসংযোগ দেওয়ার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পক্ষে পাইপলাইন স্থাপনের কাজ করছে দীপন গ্রুপ। কেন্দ্রটি থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার জন্য পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) ‘ইভাকুয়েশন সিস্টেম’ তৈরি করছে এবিবি নামের একটি বহুজাতিক কোম্পানি। এই পাইপলাইন ও ইভাকুয়েশন সিস্টেমের কাজ শেষ হলে সেপ্টেম্বরেই কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালিত হবে। ইতিমধ্যে বিবিয়ানা-২ কেন্দ্রের টারবাইনসহ অধিকাংশ যন্ত্রপাতি চলে এসেছে।
তেলচালিত ভাড়াভিত্তিক বিদ্যুেকন্দ্রের কারণে দেশে বিদ্যুতের উত্পাদন ব্যয় বেড়ে যাওয়ায় স্বল্প মূল্যের বিদ্যুত্ উত্পাদন সরকারের জন্য জরুরি হয়ে পড়েছিল। কিন্তু গ্যাস ও কয়লাভিত্তিক বড় বিদ্যুেকন্দ্র স্থাপনের মাধ্যমে স্বল্প মূল্যের বিদ্যুত্ উত্পাদনে সরকার কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়ে আছে। কারণ, গ্যাসের সরবরাহ কমে আসছে। কয়লাভিত্তিক কোনো কেন্দ্রও ২০২০ সালের আগে চালু হওয়ার সম্ভাবনা নেই।
এই অবস্থায় মূল্যসাশ্রয়ী বিদ্যুত্ পাওয়ার জন্য কেন্দ্র তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। তিনটি কেন্দ্রই গ্যাসে চললে প্রতি ইউনিট বিদ্যুত্ পাওয়া যাবে মাত্র দুই টাকা দরে। তবে গ্যাস স্বল্পতার কারণে দ্বৈত জ্বালানিভিত্তিক কেন্দ্রটি ডিজেলে চালাতে হলে এ কেন্দ্রটির প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে ২০ টাকারও বেশি। তবে ওই কেন্দ্রটিতেও গ্যাসসংযোগ স্থাপনের কাজ চলছে।