তিনটি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি স্বাক্ষরিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি খাতে ভাড়াভিত্তিক তিনটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনে গতকাল বৃহস্পতিবার দুটি কোম্পানির সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্র তিনটির মোট উত্পাদনক্ষমতা ২৬৫ মেগাওয়াট। বর্তমান সরকারের আমলে এই প্রথম কোনো বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষরিত হলো।জানা গেছে, ওই তিনটি কেন্দ্রের মধ্যে ডিজেলচালিত কুষ্টিয়ার ভেড়ামারা ১১০ মেগাওয়াট ও ফার্নেস তেলচালিত যশোরের নোয়াপাড়া ১০৫ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র দুটির কাজ পেয়েছে কোয়ান্টাম পাওয়ার সিস্টেমস লিমিটেড। এই কোম্পানির পক্ষে অনিমেষ কুণ্ডু চুক্তিতে সই করেন। ঠাকুরগাঁও ৫০ মেগাওয়াট কেন্দ্রটির কাজ পেয়েছে আরজেস পাওয়ার সিস্টেমস লিমিটেড। এই কোম্পানির পক্ষে মুনওয়ার মিসবাহ মুনিম চুক্তিতে সই করেন। পিডিবির পক্ষে চুক্তিতে সই করেন সংস্থার সচিব মো. আজিজুল ইসলাম।গতকাল বিকেলে মতিঝিলে পিডিবির কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুত্ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এনামুল হক, বিদ্যুত্সচিব মো. আবুল কালাম আজাদ, পিডিবির চেয়ারম্যান এস এম আলমগীর কবির ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।‘রোড শো’বিদ্যুত্ ও জ্বালানি খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আনার লক্ষ্যে আয়োজিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ও রোড শো’ বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে বিদেশি বিনিয়োগকারীদের বিশেষভাবে আগ্রহী করে তুলেছে। এ খাতের অনেক প্রকল্পের দরপত্র আহ্বানের আগে রোড শোর মাধ্যমে বিনিয়োগকারীদের প্রস্তুত করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ দাবি করা হয়। গত ১৫-১৬ ডিসেম্বর লন্ডনে, ২৫-২৬ জানুয়ারি সিঙ্গাপুরে ও ২৮-২৯ জানুয়ারি নিউইয়র্কে রোড শো হয়। তিনটি রোড শোতেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর নেতৃত্বে সরকারি প্রতিনিধিদল অংশ নেয়।বিদ্যুত্ মন্ত্রণালয়ে আয়োজিত এ সংবাদ ব্রিফিংয়ে তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎপ্রতিমন্ত্রী এনামুল হক, বিদ্যুৎ-সচিব মো. আবুল কালাম আজাদ, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনুসর ও পিডিবির চেয়ারম্যান এস এম আলমগীর কবির বক্তব্য দেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।ব্রিফিংয়ে বলা হয়, দীর্ঘদিন বাংলাদেশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বিশেষ কোনো উদ্যোগ নেয়নি। ফলে এখানে বিদেশি বিনিয়োগের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সম্ভাব্য বিনিয়োগকারীদের মধ্যে একটা অস্পষ্ট ও নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়। এ রোড শোর মাধ্যমে তার অবসান হয়েছে। প্রতিটি রোড শোতে বর্তমান সরকারের পরিকল্পনা, রূপকল্প, বিনিয়োগকারীদের জন্য নানা ধরনের সুযোগ তুলে ধরা হয়।