তিনটি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দরপ্রস্তাব অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোট ২৪০ মেগাওয়াট ক্ষমতার তিনটি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দরপ্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এই কেন্দ্র তিনটি হচ্ছে কেরানীগঞ্জ ১০০ মেগাওয়াট; স্থাপন করবে পাওয়ার প্যাক হোল্ডিং লিমিটেড। মেঘনাঘাট ১০০ মেগাওয়াট; স্থাপন করবে জেভি কনসোর্টিয়াম অব পিডিভি এবং নওয়াপাড়া ৪০ মেগাওয়াট; স্থাপন করবে আইএফডিসি-ভলকান এনার্জি (বিডি) লিমিটেড।গতকাল বুধবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবেরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ সাংবাদিকদের জানান, প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষর হওয়ার ছয় থেকে নয় মাসের মধ্যে বিদ্যুতের সরবরাহ পাওয়া যাবে। এই কেন্দ্রগুলো হবে ফার্নেস তেলচালিত। পাওয়ার প্যাক থেকে সাত টাকা ৭৮ পয়সা, জেভি কনসোর্টিয়াম থেকে সাত টাকা ৭০ পয়সা এবং ভলকান এনার্জি থেকে সাত টাকা ৭৭ পয়সা দরে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ কিনবে সরকার। বৈঠকে আরও তিনটি বিদ্যুৎকেন্দ্রের দরপ্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছিল। এগুলো হচ্ছে সামিট পাওয়ারের মদনগঞ্জ ১০৫ মেগাওয়াট; খুলনা পাওয়ার কোম্পানির ১১৫ মেগাওয়াট এবং আইইএল কনসোর্টিয়ামের ১০০ মেগাওয়াট, যেটি গাজীপুরের কড্ডায় স্থাপনের কথা। এই প্রস্তাবগুলো আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য ফেরত পাঠানো হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যে আবারও দরপ্রস্তাব পাঠাতে বলা হয়েছে ওই তিন প্রতিষ্ঠানকে।