সরকার প্রতি মণ ধানের সংগ্রহ-মূল্য নির্ধারণ করেছে ৭২০ টাকা। আর কৃষকেরা হাটবাজারে প্রতি মণ ধান ৪০০ থেকে ৪২০ টাকা দর পাচ্ছেন। এতে সরকার-নির্ধারিত দরের চেয়ে কৃষক প্রতি মণ ধানে ৩০০ টাকা কম পাচ্ছেন। এ কারণে দেশের খাদ্যশস্য উৎপাদনকারী এক কোটি ৩০ লাখ কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে গত বৃহস্পতিবার ‘সরকারের ধান সংগ্রহ সম্পর্কে মূল্যায়ন এবং কৃষকের ন্যায্যমূল্য পাওয়ার বিকল্প উপায়’ শীর্ষক এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। আইইবির কৃষি প্রকৌশল বিভাগের আয়োজনে সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সাবেক মহাপরিচালক আবদুল বাকী। ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের পরামর্শ দিয়ে আবদুল বাকী বলেন, সরকার সাধারণত ১৪ শতাংশের বেশি আর্দ্রতা হলে ওই ধান কেনে না। কিন্তু ভারতে ১৪ শতাংশের বেশি আর্দ্রতা থাকলে সরকার কিছুটা কম দামে ওই ধান কিনে থাকে। থাইল্যান্ডে আর্দ্রতাভেদে তিন ধরনের ধান কেনে সরকার। ফলে কৃষক ধান চাষ করে লাভবান হয়ে থাকেন। দেশে এ পদ্ধতিতে ধান কিনলে কৃষক ন্যায্যমূল্য পাবেন, উৎপাদনও বাড়বে। খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক সরকারের ধান-চাল সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকের ন্যায্যমূল্য না পাওয়ার কথা স্বীকার করে বলেন, এটা সরকারের জন্য উভয় সংকটে পরিণত হয়েছে। চালের দাম বাড়লে গ্রামীণ ও শহরের নিম্নবিত্ত মানুষ বিপদে পড়ে। আর চালের দাম বেশি কমলে কৃষক ক্ষতিগ্রস্ত হন। কৃষিকৌশল বিভাগের চেয়ারম্যান আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন কৃষিকৌশল বিভাগের সেক্রেটারি মোহাম্মদ আইয়ুবুর রহমান। আইইবির সাধারণ সম্পাদক আবদুস সবুর সেমিনারে স্বাগত বক্তব্য দেন।