ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গত সোমবার ইসলামী আইন বাস্তবায়ন কমিটির হরতাল চলাকালে সংঘর্ষ, পুলিশের ওপর হামলা, গাড়ি পোড়ানো, গ্যাসগান ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনটি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে এসব মামলা করেছে। তিনটি মামলায় মোট ১৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে। ধরপাকড়ের আশঙ্কায় তিনটি গ্রামের পুরুষেরা এলাকা ছেড়ে চলে গেছেন।এ পর্যন্ত ১৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের গতকাল মঙ্গলবার সাত দিনের রিমান্ড চেয়ে জেলা মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে। সংঘর্ষের সময় ছিনিয়ে নেওয়া পুলিশের ওই গ্যাসগানটি সোমবার দিবাগত রাত একটার দিকে মীনার গ্রামের সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবারের সংঘর্ষের পর গ্রেপ্তার-আতঙ্কে নগরকান্দার জুঙ্গুরর্দী, ছাগলদী ও মীনার গ্রামের পুরুষেরা এলাকা ছেড়েছেন। পৌর এলাকার কাশেমুল উলুম মাদ্রাসা এবং মদিনাতুল উলুম মাদ্রাসার ছাত্র ও শিক্ষকেরাও পালিয়ে গেছেন। দুটি মাদ্রাসার অধ্যক্ষদের মুঠোফোনও বন্ধ। সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) শহীদুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার (গতকাল) সকাল পর্যন্ত এ ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর যাচাই-বাছাই ছাড়া আমরা কাউকে গ্রেপ্তার করছি না বা মামলার আসামি করছি না।’