তিনটি মামলায় মুফতি হান্নানসহ ১০ জঙ্গিকে আদালতে হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনায় করা রাষ্ট্রদ্রোহ মামলার সাক্ষ্য গ্রহণ এক বছর চার মাস পর গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। এদিকে ওই মামলাসহ তিনটি মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জেহাদের নেতা মুফতি হান্নানসহ ১০ জঙ্গিকে গতকাল গোপালগঞ্জের দুটি আদালতে হাজির করা হয়। তিনটি মামলায় মুফতি হান্নান ও তাঁর ভাই মফিজুর রহমান ওরফে মহিবুল্লাহ যথাক্রমে প্রধান ও দ্বিতীয় আসামি। আদালত সূত্রে জানা গেছে, রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ১০ ফেব্রুয়ারি একজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। আদালত মামলার ২ নম্বর সাক্ষী মুরাদ হোসেনকে হাজির করার নির্দেশ দেন। কিন্তু মুরাদ আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে কয়েকবার সমন ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে গতকাল সকালে নেত্রকোনার পুলিশ তাঁকে জেলা ও দায়রা জজ খন্দকার কামাল উজ্জামানের আদালতে হাজির করেন। একই সঙ্গে সকালে কঠোর নিরাপত্তার মধ্যে আসামি মুফতি হান্নানসহ ১০ জঙ্গিকে ওই আদালতে হাজির করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আগামী ১২ আগস্ট সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন। অপরদিকে জেলার মুকসুদপুর উপজেলার বানিয়ার চর গির্জায় বোমা হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলায় মুফতি হান্নানসহ ১০ জঙ্গিকে গতকাল মুকসুদপুর আমলি আদালতে হাজির করা হয়। আদালত এ মামলা দুটির পরবর্তী তারিখ ১২ আগস্ট ধার্য করেন।