বরাদ্দ পাওয়ার পর থেকেই সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি আলট্রাসনোগ্রাম ও দুটি ইসিজি মেশিন বাক্সবন্দী অবস্থায় পড়ে রয়েছে। প্রয়োজনীয় লোকবল না থাকায় সাড়ে পাঁচ মাসেও এগুলো কাজে লাগানো সম্ভব হয়নি। এ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীরা অতিরিক্ত টাকা দিয়ে বাইরে থেকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে বাধ্য হচ্ছেন।
সরেজমিনে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কথা হয় চিকিৎসা নিতে আসা বানারসী গ্রামের কৃষক জব্বার মিয়ার (৪৫) সঙ্গে। তিনি বলেন, ‘প্যাটের ব্যথা লইয়া আইছি। এইডা সরহারি হাসপাতাল অইয়া লাভ কিতা অইলো? হেই তো হাসপাতালের বাইরে থাইক্যা বেশি টেহা দিয়া আলট্রাসনো করাইতে অয়।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপো (কেন্দ্রীয় ঔষধাগার) থেকে গত ১৫ মে দুটি ইসিজি ও একটি আলট্রাসনোগ্রাম মেশিন বরাদ্দ পাওয়া যায়। কিন্তু এগুলো কাজে লাগানো সম্ভব হচ্ছে না। পর্যাপ্ত কক্ষ ও লোকবল না থাকায় এগুলো স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষে রেখে দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এ যন্ত্রগুলো চালু থাকলে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের ইসিজি পরীক্ষা বাবদ ১০০ টাকা, আলট্রাসনোগ্রাম বাবদ ১১০ থেকে ২২০ টাকা ফি দিতে হতো। কিন্তু এখন বাইরে থেকে ২৫০ থেকে ৩০০ টাকায় ইসিজি ও ৫০০ থেকে ৬০০ টাকায় আলট্রাসনোগ্রাম করাতে বাধ্য হচ্ছেন তাঁরা।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ছানোয়ার হোসেন খান বলেন, এগুলো বরাদ্দ পাওয়ার পর থেকেই বাক্সবন্দী অবস্থায় রয়েছে। চার থেকে পাঁচ দিন আগে এগুলো স্থাপন করে দিতে লোকজন এসেছিল। কিন্তু প্রয়োজনীয় কক্ষ না থাকায় তা সম্ভব হয়নি।
পাইকুরাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফেরদৌসুর রহমান বলেন, যন্ত্রগুলো এভাবে পড়ে থাকাটা দুঃখজনক। মানুষ কম খরচে চিকিৎসাসেবা পেতে সরকারি হাসপাতালগুলোতে আসে। বাইরে থেকে বাড়তি টাকা দিয়েই যদি সব পরীক্ষা করাতে হয়, তবে তা আর সাশ্রয়ী হয় না। সে ক্ষেত্রে দরিদ্র মানুষের আর যাওয়ার জায়গা থাকে না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মনোয়ারুল ইসলাম বলেন, এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিভিল সার্জন নিশীত নন্দী মজুমদার বলেন, শিগগিরই যন্ত্রগুলো কাজে লাগাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।