তিনটি যান নিয়ে ধসে পড়ল সেতু
যশোর-মাগুরা মহাসড়কের শালিখা উপজেলার সিমাখালী বাজারের কাছে সিমাখালী সেতুটি পাথরবোঝাই দুটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান নিয়ে ধসে পড়ে। এ সময় দুজন আহত হন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন, ধারণক্ষমতার অতিরিক্ত মালবোঝাই ট্রাক সেতুর ওপর ওঠায় এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকাজ চলছে, পাশাপাশি বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ইসমাইল হোসেন বলেন, সেতুর পাশে তাঁর একটি মাংসের দোকান রয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ দেখতে পান দুটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান নিচে নেমে যাচ্ছে। মুহূর্তের মধ্যে তিনটি যান নিয়ে গোটা সেতু ধসে পড়ে। এ সময় তিনি ও বাজারে উপস্থিত লোকজন ছুটে যান। তাঁরা যানবাহনগুলোতে থাকা ব্যক্তিদের উদ্ধার করেন। উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে অজ্ঞাতপরিচয় দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ব্যক্তিরা বলেন, ১৯৮৪-৮৫ সালের দিকে সেতুটি নির্মাণ করা হয়। আনুমানিক ৬০ মিটার দৈর্ঘ্যের সেতুটি কখনো ঝুঁকিপূর্ণ মনে হয়নি।
মাগুরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুন্নবী তরফদার বলেন, সেতুটি ১৮ থেকে ২০ টন ধারণক্ষমতার। এটি ঝুঁকিপূর্ণের তালিকায়ও নেই। সেখানে আনুমানিক ১০০ টনের পাথরবোঝাই দুটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান উঠলে এই দুর্ঘটনা ঘটে। ওই সড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে তাঁরা বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছেন।