তিনটি রিভলবারসহ ৫ জন আটক
যশোরে তিনটি রিভলভার ও আটটি গুলিসহ পাঁচজনকে আটক করেছেন র্যাবের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সদর ও বেনাপোল উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। র্যাবের দাবি, আটক ব্যক্তিরা অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেনাপোলের পুটখালী সীমান্তে জনি নামের এক অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে কয়েক ব্যক্তি অস্ত্র কিনতে আসছেন—এমন তথ্যের ভিত্তিতে গতকাল ভোরে বিডিআরের সহযোগিতায় সেখানে অভিযান চালাতে যায় র্যাব-৬-এর একটি দল। তাদের উপস্থিতি টের পেয়ে জনি ও অস্ত্র ক্রেতারা সটকে পড়েন। তবে জনির অন্যতম সহযোগী ফারুক সরদার (৩৫) দুটি রিভলভার ও ছয়টি গুলিসহ ধরা পড়েন।এদিকে গতকাল দুপুরে সদর উপজেলার মালঞ্চি এলাকা থেকে একটি রিভলভার, দুটি ম্যাগাজিন ও দুটি গুলিসহ চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের শওকত আলী (৩০), মকবুল হোসেন (২৯), মনিরুজ্জামান (২৮) ও ঝিকরগাছা উপজেলার নবীনগর গ্রামের আলী আকবর (২৯)। দুটি অভিযানেই নেতৃত্ব দেন র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার তারিক আজিজ।তারিক আজিজ জানান, এ ব্যাপারে অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে। আটক ফারুককে বেনাপোল বন্দর থানায় ও অপর চারজনকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।