তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করবে শিক্ষা মন্ত্রণালয়
সাংসদের সই জাল করে অনানুষ্ঠানিক চিঠি (ডিও লেটার) দেওয়ার অপরাধে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করবে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে গতকাল সোমবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদারের কাছে চিঠি পাঠানো হয়েছে।জানা যায়, দিনাজপুর-৪ আসনের সাংসদ আবুল হাসান মাহমুদ আলী এবং বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সই জাল করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। পরবর্তী সময়ে জালিয়াতির বিষয়গুলো ধরা পড়ে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ মোমেনা মনির সই করা চিঠিতে সাংসদের সই জাল করে মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। ওই চিঠির সঙ্গে দুই সাংসদের লিখিত বক্তব্যও পাঠানো হয় স্বরাষ্ট্রসচিবের কাছে। সাংসদের সই জাল করে দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এমপিওভুক্ত করার আবেদন জানানো হয়েছিল। গতকাল বিকেলে অফিস আদেশের মাধ্যমে ওই স্কুলের এমপিও বাতিল করা হয়েছে। এ ছাড়া বরগুনার সাংসদের সই ব্যবহার করে নূরে হেরা দাখিল মাদ্রাসা এবং মহসীন উদ্দীন মেমোরিয়াল নিম্নমাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত করার আগেই জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান প্রথম আলোকে বলেন, তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।