তিনটি শিল্পকারখানাকে দূষণের দায়ে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী শিল্প এলাকায় বিষাক্ত বর্জ্য ফেলে নদী দূষণের অপরাধে গতকাল বুধবার তিনটি শিল্পকারখানাকে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানা তিনটির কোনোটিরই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। তা ছাড়া দুটির বর্জ্য পরিশোধন প্লান্ট ছিল না ও অপরটিতে তা বন্ধ পাওয়া যায়। অভিযান পরিচালনাকারী দল সূত্রে জানা গেছে, দণ্ডিত শিল্পপ্রতিষ্ঠানগুলো হলো: প্যারাডাইস ওয়াশিং লিমিটেড, সার্ফ নিটিং অ্যান্ড ডাইং, হামিদ টেক্সটাইল লিমিটেড। এ তিনটি কারখানাসহ ওই এলাকায় তুরাগ নদের তীরে অবস্থিত কারখানাগুলো বিষাক্ত বর্জ্য ফেলে নদীটির পানি দূষিত করে তুলছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয় ও র্যাব-৪ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। এ সময় তুরাগ নদের পানি পরীক্ষা করে তাতে দ্রবীভূত অক্সিজেন পাওয়া যায় মাত্র ১ দশমিক ২ মিলিগ্রাম-লিটার (সহনীয় মাত্রা ৪.৫-৮.০)। উল্লেখ্য, এ পর্যায়ের বিষাক্ত পানিতে জলজ প্রাণী বাঁচতে পারে না।