রংপুরের জেলা প্রশাসক ও সিভিল সার্জনের বাসভবন এবং কারাগারের হাসপাতাল ভবন বসবাসের অনুপযোগী ঘোষণা করেছে গণপূর্ত বিভাগ। সম্প্রতি ভূমিকম্পে ভবনগুলোয় ফাটল দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গণপূর্ত রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বাহাদুর আলী জানান, কয়েক দফা ভূমিকম্পে জেলা প্রশাসকের দোতলা ভবনের ছাদসহ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। ফাটল সৃষ্টি হয়েছে জেলা সিভিল সার্জনের আবাসিক দোতলা ভবন ও রংপুর কেন্দ্রীয় কারাগারের হাসপাতাল ভবনেও। এগুলো বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ। গত বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শন করে ভবনগুলো বসবাসের অনুপযোগী ঘোষণা করা হয়েছে। বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিভাগকে।
বাহাদুর আলী বলেন, এসব ভবন অনেক পুরোনোও। তাঁদের আশঙ্কা, পরবর্তী সময়ে ভূমিকম্প হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছে।
জেলা সিভিল সার্জন মোজাম্মেল হোসেন গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘গণপূর্ত বিভাগ ভবন পরিত্যক্ত ঘোষণা করলেও আপাতত বসবাসের জন্য কোনো বাড়ি না থাকায় ঝুঁকি নিয়েই বসবাস করছি।’
জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ বলেন, ‘আমি পরিবার নিয়ে দোতলায় থাকতাম। ভবনের ছাদসহ একাধিক স্থানে ফাটল দেখা দেওয়ায় এখন আর দোতলায় থাকছি না। নিচতলায় অফিসকক্ষের পাশে কষ্ট করে পরিবার নিয়ে বসবাস করছি।’
কারাগারের হাসপাতালের রোগীদের অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
ঝুঁকিপূর্ণ তিনটি ভবনের বিষয়ে নির্বাহী প্রকৌশলী জানান, জেলা প্রশাসকের বাসভবনের দোতলা ছাদ ভেঙে সংস্কার করে বসবাসের উপযোগী করে তুলতে হবে। তবে সম্পূর্ণ ভেঙে নতুন করে নির্মাণ করতে হবে সিভিল সার্জনের বাসভবন ও কারাগারের হাসপাতাল ভবন।