স্বাস্থ্য ও পরিবার-কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, আগামী (২০১১-১২) অর্থবছরে নতুন তিনটি সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। সাতক্ষীরা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলে এসব মেডিকেল কলেজ স্থাপনের কাজ প্রক্রিয়াধীন।গতকাল সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।মমতাজ বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনু-যায়ী, বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৯। এই হারে জনসংখ্যা বাড়তে থাকলে ২০১৫ সালে জনসংখ্যা হবে প্রায় সাড়ে ১৭ কোটি। ২০২১ সালে হবে ১৮ কোটি। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, জনসংখ্যার অনুপাতে বিশেষজ্ঞ চিকিৎসক বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে পদ সৃষ্টিসহ পর্যায়ক্রমে পদায়ন করা হচ্ছে।মোশতাক আহমেদ রুহীর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ আইন কার্যকর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসনকে তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে।সরকারি দলের মঞ্জুর কাদের কোরাইশীর প্রশ্নের জবাবে রুহুল হক জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্লোগানটি হলো, ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়।’ এ স্লোগানের প্রচারকাজ বাস্তবায়নের জন্য দেশের ৬৪ জেলার ম্যারেজ রেজিস্ট্রার ও ইমামদের নিয়ে চলতি অর্থবছরে ১৩৭টি কর্মশালা করা হয়েছে। আগে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্লোগান ছিল, ‘ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট।’