মানিকগঞ্জের শিবালয় ও সদর উপজেলাসহ ঢাকার সাভারের আশুলিয়া থানার তিনটি সিএনজি স্টেশনে গত শনিবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা অস্ত্র দেখিয়ে তিনটি স্টেশন থেকে ১১ লাখ টাকারও বেশি লুটে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অভিযোগ করেছেন। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে। শিবালয় থানার পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ১০ গজ দূরে রুমী ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনে একদল ডাকাত হানা দিয়ে পাঁচ লাখ টাকা লুটে নেয়। এই সিএনজি স্টেশনটির মালিক শিবালয় উপজেলা চেয়ারম্যান আবদুর রহিম খান। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির কনস্টেবল অলিয়ার রহমানকে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজার্ভ অফিসে প্রত্যাহার করা হয়েছে।মানিকগঞ্জ সদর থানার পুলিশ জানায়, ডাকাতেরা শনিবার দিবাগত রাত পৌনে চারটার দিকে মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার উঁচুটিয়া এলাকার ধলেশ্বরী ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনে হানা দিয়ে সাড়ে তিন লাখ টাকা লুটে নেয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে একই রাতে মহাসড়কের আশুলিয়া থানার নিরিবিলি এলাকায় নাভানা সিএনজি স্টেশনেও ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা ওই স্টেশনে হানা দিয়ে দেড় লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোনসেট লুটে নিয়ে যায়।