তিনটি সোনার দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা শহরের তিনটি সোনার দোকানে গত বুধবার মধ্যরাতে দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়েছে। তিনটি দোকান থেকে ডাকাতেরা প্রায় কোটি টাকার স্বর্ণ ও রুপার অলংকার নিয়ে গেছে। এ ঘটনায় তিন দোকানি বাদী হয়ে মামলা করেছেন। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, সংঘবদ্ধ একটি ডাকাত দল বুধবার রাত একটা থেকে তিনটা পর্যন্ত দামুড়হুদা শহরের প্রধান সড়কে তিনটি দোকানে ডাকাতি করেছে। তারা বাজারের তিনজন পাহারাদার ও এক দোকানিকে হাত-পা বেঁধে ও মুখে টেপ লাগিয়ে একে একে তিনটি দোকানে ডাকাতি করে। তিনটি দোকানের মধ্যে আবদুল হামিদের হীরা জুয়েলার্স থেকে ৯৮ ভরি সোনা ও ৩১০ ভরি রুপা ও রুপার অলংকার, আশেখ উদদৌলার লিপি জুয়েলার্স থেকে ১৯ ভরি সোনা, ৩০ ভরি রুপার গয়না ও আট হাজার টাকা এবং উপায় কুমার সাহার আপন জুয়েলার্স থেকে ছয় ভরি সোনা ও ১৫ ভরি রুপার অলংকার লুট করে নিয়ে যায়। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, এ ঘটনায় থানায় ডাকাতির মামলা হয়েছে। আদমদীঘিতে দুটি ডাকাতিআদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানিয়েছেন, আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের ডালম্বা গ্রামের বাসিন্দা নশরতপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কায়সার আলীর বাড়িতে একদল ডাকাত গ্রিল কেটে দেশি অস্ত্রসহ ঘরে ঢোকে। ডাকাতেরা বাড়ির লোকজনকে জিম্মি করে ৩০ হাজার টাকা, সাড়ে চার ভরি সোনার গয়না, দুটি মুঠোফোন এবং আসবাবপত্র মিলে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। একই রাতে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর গ্রামের নজরুল ইসলামের বাড়িতে তালা ভেঙে ডাকাতি হয়েছে। ডাকাত দল এক লাখ টাকা, ১০ ভরি সোনার গয়না, দুটি মুঠোফোনসহ প্রায় সাত লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এখনো মামলা হয়নি।