সিরাজগঞ্জের সলঙ্গায় ও নাটোরের গুরুদাসপুরে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। এ ছাড়া নীলফামারীর ডোমারে গত সোমবার একজন মারা গেছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ: গতকাল সকাল সাড়ে ১০টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার দরিবগঞ্জ নামক স্থানে উল্লাপাড়া থেকে নাটোরগামী মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মহসিন আলী (৩৫) নিহত হন। আহত হন অপর আরোহী মোশারফ (৩০)। গুরুদাসপুর (নাটোর): নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার নয়াবাজারে গতকাল ভোর ছয়টায় ওষুধ ও আম বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার ফলে মহাসড়কটির উভয় পাশে প্রায় চার ঘণ্টা শত শত বাস-ট্রাক আটকে পড়ে। গুরুদাসপুর থানা, বনপাড়া হাইওয়ে পুলিশ ও নাটোর ফায়ার সার্ভিসের টিম এসে দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক ও নিহতের লাশ উদ্ধার করে বনপাড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। নীলফামারী: মেয়ে জামাইয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আফজাল হোসেন (৫২) নিহত হয়েছেন। গত সোমবার রাত ১০টার দিকে ডোমার-চিলাহাটি সড়কের মির্জাগঞ্জ ঝাড়পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী জোড়াবাড়ি গ্রামের তাজির উদ্দিনের ছেলে বলে পুলিশ জানায়।