তিনটি স্থাপনা হস্তান্তর না করলে উন্নয়ন বন্ধ
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ নগরের তিনটি স্থাপনা সোনাডাঙ্গা বাস টার্মিনাল, কেডিএ নিউমার্কেট ও নতুন বাজার কেডিএ মার্কেট এলাকা খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কাছে হস্তান্তর না করলে এসব এলাকায় উন্নয়ন কার্যক্রম বন্ধ রাখা হবে। গত মঙ্গলবার বিকেলে নগর ভবনে কেসিসি আয়োজিত সংবাদ সম্মেলনে খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিটি করপোরেশনের অধিভুক্ত বাস টার্মিনাল ও মার্কেটগুলো সংশ্লিষ্ট সিটি করপোরেশনের অধীনে পরিচালিত হওয়ার সুস্পষ্ট বিধান রয়েছে। দেশের অন্যান্য সিটি করপোরেশনেও এ নিয়ম চালু রয়েছে। গত ১৪ আগস্ট এ বিষয়ে এক মাসের সময়সীমা বেঁধে দিয়ে কেডিএর চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু এ ব্যাপারে কেডিএর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। সোনাডাঙ্গা বাস টার্মিনাল, কেডিএ নিউমার্কেট ও নতুন বাজার কেডিএ মার্কেটের সব আয় কেডিএ গ্রহণ করে। অথচ সরকারের পক্ষ থেকে এ তিনটি স্থাপনা তৎকালীন মূল্য গ্রহণ সাপেক্ষে কেসিসির কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। অথচ কেডিএ কর্তৃপক্ষ সেগুলো হস্তান্তর করছে না।অপরিকল্পিত আবাসন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কোটি কোটি টাকা আয় করলেও কেডিএ বছরের পর বছর নগরের ভেতর বা বাইরে কোনো উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে না। অথচ তাদের নির্মিত আবাসিক এলাকার নিম্নমানের রাস্তা ও পয়োনিষ্কাশন নালা (ড্রেন) কেসিসির কাছে হস্তান্তর করেছে, যা কেসিসির শুধু ব্যয়ই বৃদ্ধি করেছে।কেডিএর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান কামাল বলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন মোতাবেক সরকারের যেকোনো সিদ্ধান্ত কেডিএ যথাযথভাবে অনুসরণ করবে। কেডিএ খুলনা তথা দেশের উন্নয়নের জন্য সদা নিবেদিত।