তিনটি সড়কের ২৫ কি.মি. খানাখন্দে ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার তিনটি সড়কের (গোরকঘাটা-জনতাবাজার, গোরকঘাটা-শাপলাপুর ও মাতারবাড়ি-জনতাবাজার) প্রায় ২৫ কিলোমিটার এলাকা গর্ত আর খানাখন্দে ভরা। ফলে উপজেলার দুই লক্ষাধিক মানুষ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে।জানা গেছে, সংস্কারের অভাবে স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন উপজেলার গোরকঘাটা-শাপলাপুর-জনতাবাজার ২৫ কিলোমিটার ও মাতারবাড়ি সড়কে চার কিলোমিটার যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া শাপলাপুর সড়কের ছয়টি কালভার্ট ঝুঁকিপূর্ণ হলেও তা দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। সম্প্রতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে এই দুই সড়কের বিভিন্ন স্থান ভেঙে গেছে এবং বড় বড় গর্তের সৃষ্টি হওয়ার পাশাপাশি প্রায় ২৫ কিলোমিটার এলাকা খানাখন্দে পরিণত হয়েছে। এ ছাড়া সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন গোরকঘাটা-জনতাবাজার সড়কের প্রায় ১৯ কিলোমিটার সড়ক অবস্থাও শোচনীয়। ৪ আগস্ট থেকে ওই তিন সড়কে সরাসরি গাড়ি যোগাযোগ বন্ধ থাকায় এলাকার লোকজনকে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। ১৭ আগস্ট সরেজমিনে দেখা গেছে, শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়াসংলগ্ন এলাকায় সড়কের কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একই অবস্থা গোরকঘাটা-জনতাবাজার সড়কের। উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের শুকরিয়াপাড়া, হোয়ানক ইউনিয়নের পানিরছড়া, ধলঘাট পাড়া, কালালিয়াকাটা, নয়াপাড়া, কেরুনতলী ও মোহরাকাটা এবং কালারমারছড়া ইউনিয়নের আধারঘোনা, নুনাছড়ি ও ইউনুছখালি ফকিরজোমপাড়া এলাকা পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সড়ক খানাখন্দে পরিণত হওয়ায় কোনো গাড়ি চলাচল করতে পারছে না। এ ছাড়া মাতারবাড়ি-জনতাবাজার সড়কের মাতারবাড়ি সেতুর পূর্বপাশে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় এ সড়কে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, ভেঙে যাওয়া সড়ক জরুরি ভিত্তিতে সংস্কার করার জন্য উপজেলা প্রকৌশলীকে বলা হলেও কোনো কাজ হয়নি। কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কাসেম চৌধুরী বলেন, ভেঙে যাওয়া সড়ক সংস্কার না হওয়ায় এলাকার জনগণ যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে।মহেশখালী উপজেলার উপসহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ বলেন, ভেঙে যাওয়া প্রায় ২৫ কিলোমিটার সড়ক ও ছয়টি কালভার্ট সংস্কারের জন্য ইতিমধ্যে প্রায় পাঁচ কোটি টাকা বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) আবেদন করা হয়েছে। কিন্তু বরাদ্দ না পাওয়ার কারণে আপাতত সড়ক সংস্কার করা যাচ্ছে না।কক্সবাজারের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ঈদের আগে ভেঙে যাওয়া সড়ক সংস্কার করা হবে।