তিনটি 'বোমা মেশিন' ধ্বংস দুজনের কারাদণ্ড
লালমনিরহাটের পাটগ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ধরলা নদী থেকে তিনটি অবৈধ ‘বোমা মেশিন’ জব্দ করেছেন। পরে সেগুলো খাদে ফেলে ধ্বংস করা হয়। অভিযানের পর আদালত দুই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত নয়টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক ও সহকারী কমিশনার (ভূমি) টি এম এ মমিন এতে নেতৃত্ব দেন।
এ সময় ধরলা নদীর প্রবেশমুখে চালু অবস্থায় তিনটি ‘বোমা মেশিন’ জব্দ করেন আদালত। এ ছাড়া ১০টি নৌকা, ৬০টি ড্রাম ও অন্যান্য উপকরণও জব্দ করা হয়। পরে বোমা মেশিনের সাহায্যে করা ১০০ থেকে ১৫০ ফুট গভীর পাথরের খাদে যন্ত্রপাতিগুলো ফেলে ধ্বংস করা হয়।
ঘটনাস্থল থেকে আদালত ‘বোমা মেশিন’ দিয়ে পাথর তোলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবদুল করিম ও মো. রব্বানি নামে দুই ব্যক্তিকে আটক করেন। ওই রাতে ইউএনও কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়।