তিনটিতে আ.লীগের, দুটিতে বিএনপির নতুন মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) তিনটিতে আওয়ামী লীগ ও দুটিতে বিএনপি চেয়ারম্যান পদে নতুন প্রার্থী দিয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত রোববার সোনামুখী ইউপির ও গতকাল সোমবার রুকিন্দীপুর, গোপীনাথপুর, তিলকপুর ও রায়কালী ইউপির মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৬ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে রুকিন্দীপুর ইউপিতে আওয়ামী লীগের আহসান কবির, বিএনপির আমিনুর রহমান ছোয়াত ও স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। গোপীনাথপুর ইউপিতে আওয়ামী লীগের আবু সাঈদ জোর্য়াদ্দার, বিএনপির মো. হাবিবুর রহমান, জাতীয় পার্টির বেলাল হোসেন ও স্বতন্ত্র গোলাম মোস্তফা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিলকপুর ইউপিতে আওয়ামী লীগের সেলিম মাহবুব সজল, বিএনপির আজাহার আলী, জাতীয় পার্টির দেলোয়ার হোসেন, জাসদের দেলোয়ার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মোজাফ্ফর হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোনামুখী ইউপিতে আওয়ামী লীগের ডি এম রাহেল ইমাম ও বিএনপির সোলায়মান আলী লড়ছেন। রায়কালী ইউপিতে আওয়ামী লীগের বেলাল হোসেন ও বিএনপির শাহিনুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দলীয় সূত্র জানায়, রুকিন্দীপুর ইউপিতে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী আহসান কবির, তিলকপুর ইউপিতে সেলিম মাহবুব ও রায়কালী ইউপিতে বেলাল হোসেন নতুন মুখ। রুকিন্দীপুর ইউপিতে বিএনপির দলীয় প্রার্থী আমিনুর রহমান ও গোপীনাথপুর ইউপির মো. হাবিবুর রহমান নতুন প্রার্থী।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ওরফে বাবলু প্রথম আলোকে বলেন, ‘আমরা পাঁচটি ইউপিতেই স্বচ্ছ প্রার্থী দিয়েছি। এর মধ্যে তিনটি ইউপিতে নতুন প্রার্থী দেওয়া হয়েছে। এলাকায় তাঁদের ব্যক্তিগত ইমেজ (ভাবমূর্তি) ভালো। পাঁচটি ইউপিতে দলীয় প্রার্থীরা বিজয়ী হবেন বলে আমরা আশা করছি।’
আক্কেলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ওরফে কমল বলেন, ‘আমরা পাঁচটি ইউপিতে যোগ্যদের চেয়ারম্যান প্রার্থী করেছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আমরা পাঁচ ইউপিতেই জয়লাভ করব।’
সোনামুখী ইউপির রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, পাঁচটি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তাঁদের কেউই বাদ পড়েননি। ১৮ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ৭ মে ভোট হবে।