তিনটিতে বিএনপির একক প্রার্থী, 'বিদ্রোহী' আ.লীগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের তিন পৌরসভায় মেয়র পদে বিএনপির একক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত চার প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। দলীয় প্রার্থিতার দিক বিবেচনায় নিলে বিএনপিতে ‘বিদ্রোহ’মুক্ত অবস্থা থাকলেও আওয়ামী লীগ পড়েছে বিদ্রোহের মুখে।
কেন্দ্র থেকে আওয়ামী লীগ গোলাপগঞ্জে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ, জকিগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের জকিগঞ্জ ইউনিট কমান্ডার খলিল উদ্দিন এবং কানাইঘাট পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা শাখার আহ্বায়ক লুৎফুর রহমানকে মনোনয়ন দেয়। গোলাপগঞ্জে জাকারিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে গতকাল মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা শাখার যুগ্ম সম্পাদক সিরাজুল জব্বার চৌধুরী ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ওরফে রাবেল।
এ বিষয়ে সিরাজুল জব্বার কোনো মন্তব্য করতে রাজি হননি। আমিনুল বলেন, ‘দীর্ঘদিন ধরে নেতা-কর্মীদের নিয়ে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছি। গত নির্বাচনে অংশ নিয়ে তৃতীয় স্থানে ছিলাম। নির্বাচনে অংশ না নিলে আমার সমর্থকেরা হতাশ হয়ে পড়বেন। তাই নির্বাচনে অংশ নিচ্ছি।’
জকিগঞ্জ পৌরসভার খলিল উদ্দিন ছাড়াও মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ। ফারুক বলেন, ‘যে প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি দলীয় রাজনীতিতে খুব একটা সক্রিয় নন। তাই দলের তৃণমূল পর্যায়ের অনেক নেতা-কর্মী ওই প্রার্থীকে মেনে নেয়নি। এ কারণে আমি প্রার্থী হচ্ছি।’ একই অবস্থা কানাইঘাট পৌরসভায়ও। আওয়ামী লীগের প্রার্থী লুৎফুর রহমান ছাড়াও মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের উপজেলা কমিটির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম।
একক প্রার্থীর দিক দিয়ে ভালো অবস্থানে রয়েছে বিএনপি। গোলাপগঞ্জে পৌর শাখার সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী, জকিগঞ্জে পৌর শাখার সাবেক সভাপতি বদরুল হক ওরফে বাদল ও কানাইঘাট পৌর শাখার সহসভাপতি আবদুর রহিম মেয়র পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন ওরফে সেলিম বলেন, ‘আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী থাকায় আমাদের প্রার্থীদের জন্য কিছুটা সুবিধা তো তৈরি হয়েছেই, তবে সেটা মুখ্য বিষয় নয়। কারণ, মানুষ এখন বিএনপির প্রার্থীর বিজয় নিশ্চিত করতে মুখিয়ে রয়েছে। প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, তাহলে বিএনপির প্রার্থীদের বিজয় ঠেকানো সম্ভব কোনোভাবেই হবে না।’
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান গতকাল বলেন, বিদ্রোহী হয়ে যাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন, তাঁদের ব্যাপারে কেন্দ্র এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।