তিনটিতে বিএনপির প্রার্থী চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে নকলা ছাড়া বাকি তিনটি পৌরসভার কোনোটিতেই আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন গতকাল রোববার পর্যন্ত চূড়ান্ত হয়নি। মনোনয়নের জন্য সম্ভাব্য প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। জেলা বিএনপি শেরপুরের চারটি পৌরসভায়ই প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে।
জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুল হক গতকাল বলেন, শেরপুর পৌরসভায় মেয়র পদে দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আবদুর রাজ্জাক আশিসকে মনোনয়ন দেওয়া হয়েছে। নকলায় মোখলেছুর রহমান, নালিতাবাড়ীতে আনোয়ার হোসেন ও শ্রীবরদীতে আবদুল হাকিমকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। এই তিনজনই বিএনপি-সমর্থিত বর্তমান মেয়র।
জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, নকলায় গত শুক্রবার দল থেকে হাফিজুর রহমানের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। বাকি শেরপুর, নালিতাবাড়ী ও শ্রীবরদী—কোনোটিতেই প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়নি। এর মধ্যে শেরপুরে মেয়র পদে মনোনয়নের জন্য চারজন জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্ভাব্যপ্রার্থীরা ঢাকায় জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমানের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। তবে মনোনয়নের ব্যাপারে ঐকমত্য হয়নি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল বলেন, নকলা ছাড়া কোনো পৌরসভায়ই মেয়র পদে দলীয় প্রার্থী মনোনয়নের ব্যাপারে স্থানীয়ভাবে ঐকমত্য হয়নি। সংশ্লিষ্ট পৌরসভার মেয়র পদে মনোনয়নপ্রত্যাশীদের তালিকা কেন্দ্রীয় মনোনয়ন সংসদের কাছে পাঠানো হয়েছে।