তিনটিতে বিএনপির প্রার্থী নেই পাঁচটিতে আ.লীগের বিদ্রোহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নয়টির মধ্যে চা-বাগান অধ্যুষিত তিনটি ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী নেই। পাঁচটি ইউপিতে আওয়ামী লীগের এবং একটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এ উপজেলায় ২৮ মে পঞ্চম দফা নির্বাচনে ভোট হবে।
উপজেলার রাজঘাট, কালীঘাট ও সাতগাঁও ইউপিতে বিএনপি কোনো প্রার্থী দেয়নি। এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্যসচিবমো. ইদ্রিছ আলী গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘কৌশলগত কারণে আমরা এ তিনটি ইউপিতে দলীয় কোনো প্রার্থী দিইনি।’
তবে একাধিক সূত্র জানিয়েছে, এ তিনটি ইউপি পড়েছে চা-বাগান এলাকায়। চা-বাগানে আওয়ামী লীগের নৌকার সমর্থক বেশি থাকায় ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার ঝুঁকি কেউ নিতে চাননি।
আশিদ্রোন ইউপিতে বিএনপির মনোনীত প্রার্থী তাজ উদ্দিন। সেখানে দলটির বিদ্রোহী প্রার্থী মখসুদুর রহমান। এ সম্পর্কে সদস্যসচিব ইদ্রিছ বলেন, ‘যিনি আশিদ্রোনে বিএনপির পরিচয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তিনি দলের কেউ নন। দলের কাছে মনোনয়ন চাইলেও দলের কোনো পর্যায়ে কোনো কমিটিতে তিনি নেই।’
মির্জাপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান চৌধুরী। বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ফিরোজ মিয়া দলটির বিদ্রোহী প্রার্থী হয়েছেন। ভুনবীর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রশিদ। সেখানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. চেরাগ আলী বিদ্রোহী প্রার্থী হয়েছেন। সদর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান ভানু লাল রায়। এখানে দল থেকে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক চেয়ারম্যান মো. আফজল হক। কালাপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান আবদুল মতলিব আওয়ামী লীগের প্রার্থী। এ ইউপিতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মুজিবুর রহমান। সাতগাঁও ইউপিতে বর্তমান চেয়ারম্যান রঘুনাথ দেব আওয়ামী লীগের প্রার্থী। এখানে দলটির বিদ্রোহী প্রার্থী হয়েছেন মিলন শীল।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মনির বলেন, ‘আমি শুধু দল থেকে যাঁদের মনোনয়ন দেওয়া হয়েছে, তাঁদের কথা জানি। আর কে প্রার্থী হয়েছেন, এখনো জানি না। কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে।’