গত শনিবার নির্বাচন হওয়া ময়মনসিংহের পাঁচ উপজেলার চারটিতেই সরকারি দল-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা হেরেছেন। এর মধ্যে দুজন হেরেছেন বড় ব্যবধানে। দলীয় নেতা-কর্মীরা দাবি করছেন, স্থানীয় সাংসদদের সঙ্গে তৃণমূলের দ্বন্দ্বই এর মূল কারণ। তাঁদের অভিযোগ, অন্তত তিনটি উপজেলায় বিদ্রোহী প্রার্থীর পক্ষ নিয়েছিলেন সাংসদেরা।
তৃতীয় দফার উপজেলা নির্বাচনে সার্বিকভাবে ভালো ফল করলেও আওয়ামী লীগ-অধ্যুষিত বলে পরিচিত ময়মনসিংহে দলটির সমর্থিত প্রার্থীরা কেউ জিততে পারেননি। পাঁচ উপজেলার তিনটিতে বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিতেছেন এবং একটির ফল স্থগিত আছে। স্থগিত মুক্তাগাছা উপজেলাতেও বিএনপি-সমর্থিত প্রার্থী এগিয়ে। দুটি উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর অবস্থান তৃতীয়। ময়মনসিংহে উপজেলার সংখ্যা ১৩টি।
স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আসলে সাংসদ ও স্থানীয় নেতৃত্ব কারও ভূমিকাই দলের স্বার্থে ছিল না। ব্যক্তিস্বার্থ ও দলাদলিতে ভরাডুবি হয়েছে। জেলা আওয়ামী লীগের একজন নেতা বলেন, একমাত্র মুক্তাগাছাতেই দল ছিল মোটামুটি সংঘবদ্ধ। তিনি বলেন, এর কারণ সেখানকার সাংসদ জাতীয় পার্টির সালাহউদ্দিন আহমেদ। ফলে তৃণমূলের সঙ্গে টানাপোড়েন ছিল না। কৃষক লীগের একজন নেতা বিদ্রোহী প্রার্থী হলেও স্থানীয় বা কেন্দ্রীয় কোনো পর্যায় থেকেই সমর্থন পাননি।
সার্বিক বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনে যা হয়েছে, তা আত্মঘাতী। সাংসদ ও দলীয় প্রার্থীর মধ্যে দলাদলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ। আমরা কেন্দ্রে বিষয়গুলো জানাব।’
এই পাঁচ উপজেলায় বিএনপিতেও কোন্দল রয়েছে। কিন্তু বিভাজন বড় না হওয়ায় ভোটের ফল পক্ষে গেছে।
গৌরীপুরে উপজেলা চেয়ারম্যান থাকা আলী আহম্মদ খান পাঠান এবারও তৃণমূলের ভোটে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পান। কিন্তু বিদ্রোহী হিসেবে দাঁড়িয়ে যান দলের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক শরীফ হাসান। স্থানীয় সাংসদ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকিরের সঙ্গে পাঠানের দ্বন্দ্ব দীর্ঘদিনের। সাংসদ পাঠানের পক্ষে প্রচারণা চালাননি। উল্টো তাঁর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীকে মদদ দিয়ে গোপনে তাঁর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ রয়েছে। গৌরীপুরে বিজয়ী বিএনপি-সমর্থিত আহম্মদ তায়েবুর রহমান ভোট পেয়েছেন ৫১ হাজার ৬৫০। আওয়ামী লীগের বিদ্রোহী শরীফ হাসান পেয়েছেন ৩৪ হাজার ৩৮৯ ভোট। আর আহম্মদ খান পাঠান পেয়েছেন ১৮ হাজার ৩৮২।
জানতে চাইলে আহম্মদ খান পাঠান অভিযোগ করে বলেন, আওয়ামী লীগকে হারিয়েছেন সাংসদ মজিবুর রহমান ফকির। তিনি বলেন, বিদ্রোহী প্রার্থীকে দাঁড় করানো থেকে শুরু করে সবই করেছেন সাংসদ। বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার শর্তে টিআর-কাবিখার লোভ দেখান নেতা-কর্মীদের। এ কারণে তিনি নেতা-কর্মীদের সমর্থন পাননি।
ফুলপুর উপজেলাতেও অভিযোগের আঙুল সাংসদের দিকে। আওয়ামী লীগের প্রার্থী আবদুল খালেক তৃতীয় হয়েছেন। বিজয়ী বিএনপির প্রার্থী আবুল বাশার আকন্দ তাঁর প্রায় দ্বিগুণ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পৌর কমিটির সাধারণ সম্পাদক আতাউল করিম। স্থানীয় একাধিক নেতা বলেন, স্থানীয় সাংসদ শরীফ আহমেদ রটিয়ে দেন যে আতাউল করিমকে দলের সমর্থন দেওয়া হয়েছে। ফলে কর্মীরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। আবদুল খালেক প্রথম আলোকে বলেন, ‘আমি সাংসদকে বলেছিলাম, আমার কাছে শেখ হাসিনার স্বাক্ষরিত চিঠি আছে। আপনি আতাউলের পক্ষে এমন চিঠি দেখাতে পারলে আমি বসে যাব। তিনি চিঠি দেখাতে পারেননি।’
ফুলবাড়িয়া উপজেলাতে ৫৪ হাজার ৭২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত আজিজুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত আবদুল মালেক সরকার পান ৪৬ হাজার ৭২৫ ভোট। ১৫ হাজার ৩১৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন বিএনপির বিদ্রোহী আনোয়ার হোসেন। স্বতন্ত্র প্রার্থী এস এম সাইফুজ্জামান পান প্রায় ১৪ হাজার ভোট। দলীয় সূত্র বলেছে, সাংসদ মোসলেম উদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক সরকারের সঙ্গে তাঁর দ্বন্দ্বের কারণে পরোক্ষভাবে সাইফুজ্জামানকে সমর্থন দেন। সাংসদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। সূত্র জানায়, গত ৫ জানুয়ারির নির্বাচনের আগে মালেক মোসলেম উদ্দিনের মনোনয়নের বিরোধিতা করেছিলেন। তখন থেকেই দুজনের দ্বন্দ্বের শুরু। নির্বাচনের কয়েক দিন আগে মালেক প্রথম আলোর কাছে দাবি করেছিলেন, সাংসদ গোপনে সাইফুজ্জামানের পক্ষে কাজ করার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। তবে মোসলেম উদ্দিন গতকাল দাবি করেন, তিনি দলীয় প্রার্থীর পক্ষে সর্বাত্মকভাবে কাজ করেছেন। কিন্তু প্রার্থী সব কর্মী-সমর্থককে মাঠে নামাতে পারেননি। স্বতন্ত্র সাইফুজ্জামানকে সমর্থনের বিষয়টি নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘তিনি তো দলের লোক নন। যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু মালেক সাহেবদের বিরোধিতায় যোগ দিতে পারেননি।’
দলীয় সূত্র জানায়, স্থানীয় আছিম ইউনিয়নের চেয়ারম্যান সাইফুজ্জামান ৫ জানুয়ারির নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেওয়ার চেষ্টা করলে সাংসদ তাঁকে সমর্থন জানিয়েছিলেন।
ধোবাউড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তিনজন করে প্রার্থী ছিলেন। বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মজনু মিয়া পেয়েছেন ১৫ হাজার ৯৬৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত আবদুল মান্নান আকন্দ পান ১৫ হাজার ৭৮৯ ভোট। মজনু মিয়া এই উপজেলার সাবেক চেয়ারম্যান ফোরকান উদ্দিন সেলিম মৃধার ছোট ভাই। গত বছর দলীয় কোন্দলের জেরে সংঘর্ষে প্রকাশ্যে খুন হন ফোরকান। স্থানীয় লোকজন বলেছেন, ‘সহানুভূতির ভোট’ মজনুর বাক্সে গেছে। এখানে বিএনপি-সমর্থিত মফিজ উদ্দিন ১৪ হাজার ২৭৯ ভোট পেয়েছেন।
ফল স্থগিত থাকা মুক্তাগাছার ১০০ কেন্দ্রের মধ্যে ৯৭টিতে বিএনপি-সমর্থিত জাকারিয়া হারুন ৭৭ হাজার ২৮৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। আওয়ামী লীগের বিল্লাল হোসেন সরকার পেয়েছেন ৭৩ হাজার ৩১৪ ভোট। স্থগিত তিন কেন্দ্রে ভোটারসংখ্যা প্রায় নয় হাজার।
বক্তব্য জানার জন্য সাংসদ মজিবুর রহমান ফকিরকে ফোন করলে তিনি এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। শরীফ আহমেদের মুঠোফোনে বারবার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।