তিনটিতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চারটি পৌরসভার তিনটিতেই আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত ব্যক্তিরা বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এর মধ্যে চৌমুহনী পৌরসভায় দলের প্রার্থীর বিপক্ষে স্থানীয় সাংসদের বড় ভাইও প্রার্থী হয়েছেন।
বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভায় আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয় বর্তমান মেয়র আক্তার হোসেন ওরফে ফয়সলকে। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মনোনয়নবঞ্চিত পৌর আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল বাসার ওরফে স্বপন। আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন স্থানীয় আওয়ামী লীগের সাংসদ মামুনুর রশিদ কিরণের বড় ভাই খালেদ সাইফুল্লাহ।
এই পৌরসভায় বিএনপি থেকে পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন ওরফে হারুন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হয়েছেন জাকির হোসেন। আর স্বতন্ত্র প্রার্থী হয়েছেন শেখ মো. সফিউদ্দিন, মো. মোরশেদুল আমিন।
চাটখিল পৌরসভায় আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয় উপজেলা যুবলীগের একাংশের আহ্বায়ক মোহাম্মদ উল্লাহ পাটোয়ারীকে। বিদ্রোহী প্রার্থী হয়েছেন মনোনয়নবঞ্চিত উপজেলা যুবলীগের আরেক অংশের আহ্বায়ক বেলায়েত হোসেন। এখানে বিএনপির প্রার্থী হয়েছেন বর্তমান মেয়র মোস্তফা কামাল।
হাতিয়ায় আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান মেয়র এ কে এম ইউছুফ আলীকে। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তৃণমূলের মনোনীত পৌর আওয়ামী লীগের সভাপতি ছাইফ উদ্দিন।
কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বর্তমান মেয়র আবদুল কাদের মির্জা। এখানে বিএনপির পক্ষে সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী আর জামায়াতের পক্ষে উপজেলা সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসাইন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।