তিনটির মধ্যে দুটি এক্স-রে মেশিন নয় মাস ধরে অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের তিনটির মধ্যে দুটি এক্স-রে মেশিন দীর্ঘ নয় মাস ধরে অচল হয়ে পড়ে আছে। ফলে একটিমাত্র এক্স-রে মেশিন দিয়ে সব ধরনের রোগীর সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকার তেজগাঁওয়ের কেন্দ্রীয় ওষুধাগার (সিএমএসডি) থেকে ৩০০ এমএম এক্স-রে মেশিনটি ২০০৯ সালে এবং ৫০০ এমএম এক্স-রে মেশিনটি ২০০২ সালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে সরবরাহ করা হয়। কিন্তু গত বছরের ২৬ আগস্ট এই মেশিন দুটি নষ্ট হয়ে যায়। এখন ১০০ এমএমের একটি এক্স-রে মেশিন আছে।হাসপাতালের টেকনিশিয়ান (রেডিওলজি) মো. ওয়াকিল বলেন, এই মেশিন দিয়ে হাত, পা, বুক ছাড়া অন্য কোনো এক্স-রে হয় না। দুবার ৩০০ এমএমের এক্স-রে মেশিনটি মেরামতের চেষ্টা করেও তা সারানো যায়নি।হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কাশেম বলেন, দুটি এক্স-রে মেশিন নষ্ট। অন্যটি দিয়ে কোনো রকমে কাজ চলছে। ৩০০ বা ৫০০ এমএমের এক্স-রে মেশিন ছাড়া একটা হাসপাতাল চালানো সম্ভব নয়। হাসপাতালের সেবা নিশ্চিত করতে হলে চিকিৎসক-সংকট দূর ও যন্ত্রপাতি সরবরাহ এবং স্বাভাবিক রাখা জরুরি। সিভিল সার্জন মো. মোজামেঞ্চল হক বলেন, এ নিয়ে এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় ওষুধাগারের (সিএমএসডি) পরিচালককে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। স্থানীয় সাংসদ ডিও লেটার দিয়েছেন। কিন্তু এক্স-রে মেশিন দুটি চালু করা সম্ভব হয়নি। নতুন করে আবার কেন্দ্রীয় ওষুধাগারের পরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।