তিনতলা ভবনে ফাটল তবু চলছে পাঠদান
শরীয়তপুর জেলা শহরে অবস্থিত পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বমুখী তিনতলা ভবনের একটি অংশ দেবে যাওয়ায় ফাটল দেখা দিয়েছে। এরই মধ্যে ঝুঁকি নিয়ে বিদ্যালয়ের সাত শতাধিক শিক্ষার্থীকে তিন বছর ধরে পাঠদান করানো হচ্ছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক বলেন, ‘বিদ্যালয় ভবনের দক্ষিণ-পূর্ব কোণটি দেবে যাওয়ায় বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনে শিশুদের পাঠদান করাতে হচ্ছে। এজন্য আমাদের সব সময় একটা আতঙ্কের মধ্যে থাকতে হয়। বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানিয়েও কোনো লাভ হয়নি।’বিদ্যালয় ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ১৯৮৭-৮৮ অর্থবছরে পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবনটি নির্মাণ করা হয়। ভবনটি যে স্থানে নির্মাণ করা হয়েছে সেখানে জলাশয় ছিল। তিন বছর আগে ভবনের দক্ষিণ-পূর্ব কোণের কিছু অংশ দেবে যায়। এ কারণে ভবনের মোট নয়টি কক্ষের মধ্যে চারটির দেয়ালে ও তিনটি স্তম্ভে (পিলার) ফাটল সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ে বর্তমানে ৭৭৭ জন শিক্ষার্থী ও ১৫ জন শিক্ষক রয়েছে।২০১১ সালের নভেম্বরে সদর উপজেলা শিক্ষা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ভবনটি পুনর্নির্মাণ করার জন্য উপজেলা প্রকৌশলীকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছরের ৬ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক পরিদর্শন শেষে নতুন ভবন নির্মাণের ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে চিঠি দেন। গত ১৫ জানুয়ারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভবনটি পরিত্যক্ত ঘোষণা করতে এলজিইডির উপজেলা প্রকৌশলীকে চিঠি দেন। কিন্তু গত ১৩ মার্চ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ ভবনটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ নয় বলে প্রতিবেদন দেন।আবুল কালাম আজাদ জানান, জলাশয় ভরাট করে ভবনটি নির্মাণ করায় সামান্য কাত হতে পারে। তবে সংস্কার করলে সেটি আরও কিছুদিন ব্যবহার করা যাবে। এ কারণে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়নি।শনিবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভবনের প্রথম তলায় তিনটি পিলারে ফাটল সৃষ্টি হয়েছে। ভবনের কিছু অংশ দেবে যাওয়ায় জানালার গ্রিল বাকা হয়ে রয়েছে। অফিসকক্ষের দেয়ালেও ফাটল সৃষ্টি হয়েছে। দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়ছে।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী জানান, বিদ্যালয়ের বিকল্প ভবন না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চালু রাখা হয়েছে। নতুন একটি ভবন নির্মাণ করার চেষ্টা চলছে।