তিনবার আটকা পড়েও জাল ছিঁড়ে বেরিয়ে গেল সেই কুমির

চলছে উদ্ধার অভিযান। শুক্রবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের জলিল মোল্লার ডাঙ্গি গ্রামে।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলার একটি জলাধারে আটকা পড়া বিরল প্রজাতির কুমিরটি উদ্ধারে শুক্রবার দ্বিতীয় দফার অভিযান ব্যর্থ হয়েছে। এদিন তিন দফা জালে আটকা পড়েছিল মিঠাপানির কুমিরটি। প্রতিবারই জাল ছিঁড়ে বের হয়ে যায়। দুপুর পৌনে ১২টায় শুরুর পর সন্ধ্যা ৬টার দিকে এ উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করা হয়।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন বন্য প্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা অঞ্চলের বিভাগীয় কর্মকর্তা নির্মল কুমার পাল। প্রথম আলোকে তিনি বলেন, উদ্ধার অভিযান আপাতত বন্ধ রাখা হবে। পনি কমলে আবার উদ্ধার অভিযান শুরু হবে। তবে বর্ষার পানিতে ওই চ্যানেল তলিয়ে গেলে কুমিরটি স্বেচ্ছায় নদীতে চলে যেতে পারে। তখন আর উদ্ধার অভিযানের প্রয়োজন হবে না।

কুমিরটি অবস্থান করছে নর্থ চ্যানেল ইউনিয়নের ৩৮ দাগ এলাকায় জলিল মোল্লার ডাঙ্গি গ্রামের একটি জলাধারে। সেটি এলাকায় ফালুর খাল হিসেবে পরিচিত। জলাধারটির দৈর্ঘ্য প্রায় ১ হাজার মিটার ও প্রস্থ ৭৫ থেকে ১০০ মিটার। স্থানভেদে গভীরতা ৫-২০ মিটার পর্যন্ত। এটি মূল পদ্মা নদী থেকে ১০০ মিটার দূরে। পদ্মা থেকে সরু একটি চ্যানেল চলে গেছে ওই জলাধারের দিকে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৩ জুলাই সালাম খাঁর ডাঙ্গি গ্রামের হজরত মিয়া পদ্মা নদী থেকে বড় একটি বোয়াল মাছ ধরেন। মাছটির মুখে দড়ি বেঁধে ফালুর খালের মধ্যে চুবিয়ে রাখেন। কিছুক্ষণ পর তিনি মাছটি তুলে আনার জন্য দড়ি ধরে টান দিলে কুমিরটি দেখতে পান। কুমিরটি ধরতে বুধবার খুলনা থেকে কর্মকর্তা নির্মল কুমার পালের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল ফরিদপুরে আসে। ওই দিন বেলা দেড়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত অভিযানেও ধরা সম্ভব হয়নি কুমিরটিকে।

উদ্ধার অভিযান চলাকালে জলাধারের তীরে ভিড় জমান এলাকাবাসী। শুক্রবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের জলিল মোল্লার ডাঙ্গি গ্রামে।
ছবি: প্রথম আলো

শুক্রবারের উদ্ধার অভিযানে প্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ১২ জনের দলটির সঙ্গে স্থানীয় ১০ জেলে অংশ নেন। তাঁদের একজন নর্থ চ্যানেল ইউনিয়নের ওয়াফিজ মাতুব্বরের ডাঙ্গি গ্রামের বাসিন্দা আলাউদ্দিন বিশ্বাস (৬২)। তিনি বলেন, অভিযানে দুটি জাল ব্যবহার করা হয়। তাঁর জালটি ছিল ১ হাজার ৪০০ হাত লম্বা ও ৩২ হাত চওড়া। অপর জালটি মীর মালতের ডাঙ্গি গ্রামের জেলে চানু মোল্লার। তাঁর জালটি ৪ হাজার হাত লম্বা ও ২০ হাত চওড়া। বেলা তিনটা, সাড়ে তিনটা ও পাঁচটার দিকে তিন দফায় কুমিরটি জালে আটকা পড়ে। কিন্তু প্রতিবারই জাল ছিঁড়ে বের হয়ে গেছে। তিনি বলেন, কুমিরটি ১০ ফুট লম্বা বলে প্রাথমিকভাবে তাঁরা ধারণা করেছিলেন। বাস্তবে কুমিরটি তার চেয়েও বড় বলে এখন মনে হচ্ছে।

এদিকে কুমিরের ভয়ে ওই চর এলাকার জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আগেই এলাকায় মাইকিং করে সর্বসাধারণকে ওই জলাশয়ে না নামার পরামর্শ দেওয়া হয়েছে। এলাকাবাসী বলছেন, দুই দফার অভিযানেও কুমিরটিকে ধরা যায়নি। এটি যেকোনো সময় লোকালয়ে আক্রমণ করতে পারে। কখন কী ঘটে যায়, এ নিয়ে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। শুক্রবারের উদ্ধার অভিযান ব্যর্থ হওয়ার পর এলাকাবাসীকে নিয়ে সচেতনতামূলক সভা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান। তিনি বলেন, দুই দফায় কুমিরটিকে উদ্ধারের অভিযান ব্যর্থ হওয়ায় এলাকাবাসীর মনে আতঙ্ক ছড়ানো স্বাভাবিক। সচেতনতামূলক সভায় গ্রামবাসীকে কুমিরটিকে বিরক্ত না করতে বলা হয়েছে। বিরক্ত না করলে এটি কাউকে আক্রমণ করবে না।