তিনবার দরপত্র আহ্বান ঠিকাদার সেই একজনই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয় তিনবার। কিন্তু তিনবারই কেবল একটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। অভিযোগ উঠেছে, স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা-কর্মীর হুমকির কারণে অন্য কোনো ঠিকাদার দরপত্র জমা দেননি। এদিকে কার্যাদেশ দেওয়ার আগেই ওই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সাংসদ।স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্র জানায়, রাউজানের তেলাপরিয়া খালের ওপর ৫১ মিটার দীর্ঘ সেতু নির্মাণের জন্য ২০১০-১১ অর্থবছরে এক কোটি ৭৪ লাখ টাকা প্রাক্কলিত ব্যয় ধরে দরপত্র আহ্বান করা হয়। মার্শাল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান প্রাক্কলিত ব্যয়ের চেয়ে ৩৭ দশমিক ৬৫ শতাংশ বেশি দরে দরপত্র জমা দেয়। গণ খাতে ক্রয়বিধি অনুযায়ী দুই কোটি টাকার নিচের কোনো সরকারি কাজে প্রাক্কলিত বাজেটের চেয়ে ৫ শতাংশ কম বা বেশি দর দেওয়া যায় না; যে কারণে এই দরপত্র বাতিল করা হয়।এলজিইডি সূত্র জানায়, সেতুটির নির্মাণকাজের জন্য দ্বিতীয়বার দরপত্র আহ্বান করা হয় চলতি বছরের ১৫ সেপ্টেম্বর। এবার মার্শাল এন্টারপ্রাইজ দরপত্র জমা দেয় ৪১ দশমিক ৮১ শতাংশ বেশি দরে। স্বাভাবিকভাবে এবারও দরপত্র বাতিল হয়। এরপর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সেতুটির প্রাক্কলিত ব্যয়ের আকার বাড়িয়ে এক কোটি ৯৮ লাখ টাকা নির্ধারণ করে আবারও দরপত্র আহ্বান করে। অভিযোগ উঠেছে, স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতার চাপের মুখে প্রাক্কলিত ব্যয়ের আকার বাড়ানো হয়েছে।এলজিইডি সূত্র জানায়, প্রাক্কলিত ব্যয় এর চেয়েও বেশি ধরার জন্য তাদের ওপর চাপ ছিল। কিন্তু এ ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম থাকায় চাপ সত্ত্বেও তা এক কোটি ৯৮ লাখ টাকার বেশি নির্ধারণ করা যায়নি।গত ২১ নভেম্বর দরপত্র জমা দেওয়ার শেষ দিনে আবারও দরপত্র জমা দেয় মার্শাল এন্টারপ্রাইজ। এবার প্রতিষ্ঠানটি প্রাক্কলিত ব্যয়ের প্রায় ১ শতাংশ বেশিতে দরপত্র জমা দেয়।একাধিক ঠিকাদার বলেছেন, এই কাজের জন্য তিনবার দরপত্র আহ্বান করা হলেও হুমকির কারণে অন্য কোনো ঠিকাদার দরপত্র জমা দেওয়ার ঝুঁকি নেননি।নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা ও ঠিকাদার প্রথম আলোকে বলেন, ‘এই সেতুর কাজ করার জন্য জেলা পরিষদ থেকে শিডিউল কিনেছিলাম। শিডিউল কেনার খবর পেয়ে রাউজান থেকে সরকারদলীয় একাধিক ব্যক্তি মোবাইল ফোনে হুমকি দিয়ে বলেছেন, “এখনই মরে গেলে তো আর রাজনীতি করতে পারবেন না।” এই হুমকির কারণে শেষ পর্যন্ত দরপত্র জমা দিইনি।’রাউজান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোসলেম খান প্রথম আলোকে বলেন, ‘আমরা রাউজানের উন্নয়নের কাজে কাউকে বাধা দিই না।’ তাহলে কেন একটি সেতুর তিনবার দরপত্র আহ্বান করা সত্ত্বেও কেবল একটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে।’ প্রাক্কলিত ব্যয়ের আকার বাড়ানোর জন্য আওয়ামী লীগের কিছু স্থানীয় নেতা-কর্মী চাপ দিয়েছেন বলে যে অভিযোগ উঠেছে, তিনি তা নাকচ করে দেন।এলজিইডি সূত্রে জানা গেছে, কাজটি অনুমোদনের জন্য মূল্যায়ন কমিটির সভা হয়নি। সভার অনুমোদন পাওয়ার পর সেতু নির্মাণের কার্যাদেশ দেওয়া হবে।কিন্তু সেতু নির্মাণের কার্যাদেশ দেওয়ার আগেই গত শনিবার সকালে স্থানীয় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।এ প্রসঙ্গে এলজিইডির চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঠিকাদার অভিযোগ করেছেন, সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর পছন্দের লোকজনের স্বার্থে প্রাক্কলিত ব্যয়ের পরিমাণ বাড়ানো হয়েছে।যোগাযোগ করা হলে সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, দরপত্র নিয়ে কোনো ধরনের অনিয়ম হয়নি।অনুসন্ধান করে জানা গেছে, মার্শাল এন্টারপ্রাইজের নাম ব্যবহার করা হলেও মূলত কাজটি করছেন স্থানীয় নওয়াজিশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরওয়ার সিকদার ও কিছু দলীয় লোকজন। সরওয়ার সিকদার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাংসদের ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচিত।সরওয়ার সিকদার বিষয়টি স্বীকার করে বলেন, ‘যেখানে সেতুটি নির্মাণ করা হচ্ছে, সেখানে যোগাযোগব্যবস্থা খুব খারাপ। আসলে ব্যবসা নয়, এলাকার জন্য আমরা কাজটি করছি।’ এখনো কার্যাদেশই দেওয়া হয়নি, তাহলে সাংসদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কেন—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আসলে কাজটি দ্রুত শুরু করতে চাই। এ জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।’জানা গেছে, মার্শাল এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম। তিনি একজন প্রকৌশলী। সেতু নির্মাণের কাজে তিনি অভিজ্ঞ। তাই তেলাপরিয়া খালের ওপর সেতু নির্মাণের জন্য তাঁর প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হয়েছে। গত মঙ্গলবার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার প্রতিষ্ঠানকে ব্যবহার না করলে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তাঁর সহযোগীরা কাজটি পেতেন না। তাই এই কৌশল নেওয়া হয়েছে।’ তিনবারই একা দরপত্র জমা দেওয়ার ব্যাপারে রফিকুল ইসলাম বলেন, ‘আমি তো কাউকে দরপত্র জমা দিতে নিষেধ করিনি।’ তিনি বলেন, ‘স্থানীয় সাংসদের সঙ্গে আমার সুসম্পর্ক আছে, তবে এই কাজের ব্যাপারে তিনি কোনো হস্তক্ষেপ করেননি।’