তিনবার ব্যর্থ হয়েও সময় পেল জি কে শামীমের প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজ শেষ করতে তিন দফা সময় বাড়ানো হয়। প্রতিবারই বলা হয়েছে, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারলে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ঠিকাদার অসমাপ্ত কাজে হাতই দেননি। এই অবস্থায় ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো নতুন করে আরও ছয় মাস সময় বাড়িয়ে দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদ ভবন নির্মাণ নিয়ে এই জটিলতা। ৫৩ মাসে এই প্রকল্পের অগ্রগতি মাত্র ৬৫ শতাংশ। অথচ ২২ মাসে কাজটি শেষ করার কথা ছিল। এই কাজে ব্যয় হচ্ছে ৭৫ কোটি টাকা। কাজটি করছে দেশের আলোচিত ঠিকাদার ও যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমের প্রতিষ্ঠান জিকে বিল্ডার্স লিমিটেড-দ্য বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স। গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ঠিকাদারকে ছয় মাস সময় দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়। আর কাজের মেয়াদ বৃদ্ধির সুপারিশ করে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটি (পিঅ্যান্ডডি)।

এখন টানাহেঁচড়া চললেও, জাল কাগজপত্র দিয়ে কাজটি হাতিয়ে নিয়েছিল জি কে শামীমের প্রতিষ্ঠান। এর প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশনও। এ নিয়ে গত বছরের ২২ নভেম্বর জিকে শামীম ও দ্য বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল করীম চৌধুরীকে আসামি করে মামলা করে দুদক। মামলাটি বর্তমানে বিচারাধীন। আর নির্মাণকাজটি বর্তমানে তদারক করছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল মনসুর ওরফে জামশেদ।

জানতে চাইলে আবুল মনসুর প্রথম আলোকে বলেন, বিল আটকে থাকার কারণে কাজ করা যায়নি। এখন বিল পেলে কাজ শুরু হবে।

বর্ধিত সময়ে কাজ শেষ করতে বারবার ব্যর্থ হওয়ার পরও আবার সময় দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের দুই প্রকৌশলী। প্রশাসনিক ঝক্কিঝামেলা এড়াতে নাম প্রকাশ করতে রাজি হননি তাঁরা। তবে বলেছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে আগামী ছয় মাসেও এই কাজ শেষ করা সম্ভব না। কেননা, তাদের কাজের রেকর্ড ভালো নয়। ছয় মাস পর দেখা যাবে, আবার সময় বাড়ানোর আবদার নিয়ে এসেছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বর্তমানে ৯টি প্রকল্পের অধীনে ২২৩ কোটি টাকার কাজ চলছে। সব কটি প্রকল্পেরই অগ্রগতি সময়ের তুলনায় অনেক কম। এসব প্রকল্পের মধ্যে রয়েছে দুটি একাডেমিক ভবন, চারটি আবাসিক হল, প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের জন্য ভবন নির্মাণ। আটটি কাজ করছে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাদের ঠিকাদারি প্রতিষ্ঠান।

শুরুতেই ছিল জটিলতা

৭৫ কোটি টাকার এই উন্নয়ন প্রকল্পের কাজ পেতে শুরু থেকেই নানা পন্থা অবলম্বন করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। এই প্রকল্পের দরপত্র প্রক্রিয়া নিয়ে ছাত্রলীগের দলীয় কোন্দল চরমে উঠেছিল। অস্থিতিশীল হয়ে উঠেছিল ক্যাম্পাস। বিভিন্ন উপপক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছিল। একটি পক্ষ অন্য ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে দরপত্র ফরম সংগ্রহেও বাধা দেয়। এমনকি ঠিকাদারি প্রতিষ্ঠানের নথিপত্র যাচাই করার পরামর্শ দেওয়ায় দরপত্র মূল্যায়ন কমিটিতে রাখা হয়নি সরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলীকে।

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৩৭ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের ৩ কোটি ৮৭ লাখ টাকা আটকে আছে। বিশ্ববিদ্যালয়ে আলোচনা আছে, মূলত ঠিকাদারকে এই টাকা পরিশোধের জন্য সময় বাড়ানো হয়েছে।

নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ব্যর্থ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সময় দেওয়া প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান প্রথম আলোকে বলেন, ছয় মাসের মধ্যে আশা করা যাচ্ছে কাজটি শেষ হবে। যদি ঠিকাদারি প্রতিষ্ঠান এবার কাজ শেষ করতে না পারে, তবে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আর সময় বাড়ানো হবে না।

টাকা পরিশোধের জন্য সময় বাড়িয়ে দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, বিষয়টি এভাবে দেখা যাবে না। আসলে কাজটি বন্ধ করে দিলে বিশ্ববিদ্যালয়ের ক্ষতি। ফলে কাজটি শেষ করতেই সময় বাড়ানো হয়েছে।

বারবার ব্যর্থ হওয়া প্রতিষ্ঠানের জামানত বাজেয়াপ্ত করা উচিত বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাবেক পর্ষদ সদস্য দেলোয়ার মজুমদার। তিনি প্রথম আলোকে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে বাতিল করে নতুন দরপত্র দেওয়া উচিত ছিল। কারণ, অনেক সময় চলে গেছে। নতুন করে সময় বাড়ানোর সিদ্ধান্ত সঠিক হয়নি।