তিনবার সরকারীকরণের ঘোষণা বাস্তবায়িত হয়নি আজও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জীবনের একটি সময় কাটিয়েছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। তখন তিনি উপজেলার দরিরামপুর উচ্চবিদ্যালয়ে দুই বছর, মতান্তরে এক বছর পড়াশোনা করেছেন।কবির স্মৃতিবিজড়িত এই বিদ্যালয়টিকে ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত তিনবার সরকারীকরণের ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি। আগামী বছর (২০১২) ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি শতবর্ষে পদার্পণ করতে যাচ্ছে। এ পরিপ্রেক্ষিতে এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের সামনে কবির কিশোর বয়সের ভাস্কর্য নির্মাণের পাশাপাশি দ্রুত সরকারীকরণের দাবি জানিয়েছেন।ত্রিশালে কবির স্মৃতি গবেষকেরা বলছেন, ১৯১৩ সালে এলাকার কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ১৯১৪ সালে ত্রিশালের কাজীর শিমলা গ্রামের দারোগা রফিজউল্লাহ কবি নজরুলকে এ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে ভর্তি করিয়ে দেন। গবেষকদের মতে, কবি ১৯১৪ সাল থেকে এক বছরের কাছাকাছি সময় ত্রিশালে অবস্থান করেছিলেন। তিনি ওই বিদ্যালয়টির সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি আর অষ্টম শ্রেণীতে ভর্তি হননি। দরিরামপুর গ্রামের নিয়ামত আলী কবির শ্রেণীবন্ধু ছিলেন। পরে তিনি দরিরামপুর হাইস্কুলে শিক্ষকতা করেন। নিয়ামত আলীর ছাত্র ও এই বিদ্যালয়ের সাবেক শিক্ষক এ এস এম আবদুল করিম। তিনি ত্রিশালে নজরুলের স্মৃতি নিয়ে গবেষণা করছেন। আবদুল করিম প্রথম আলোকে বলেন, খিদির পণ্ডিত নামের একজন শিক্ষক নজরুলকে খুব স্নেহ করতেন। নজরুলের একটি বাঁশি ও একটি খাতা ছিল, যা তিনি কাউকে দেখাতেন না। কিন্তু খিদির পণ্ডিত খাতাটি দেখতেন। আবদুল করিম জানান, ১৯৬৫ সালে বিদ্যালয়টির নাম পরিবর্তন করে নজরুল একাডেমী রাখা হয়। নজরুল ইসলাম জাতীয় কবি হিসেবে স্বীকৃতি পাওয়ার আগেই ১৯৬৪ সাল থেকে বিদ্যালয়টিতে জাঁকজমকপূর্ণভাবে নজরুলজয়ন্তী পালন শুরু হয়। ১৯৯০ সাল থেকে বিদ্যালয়ের মাঠে শুরু হয় রাষ্ট্রীয়ভাবে নজরুলজয়ন্তী পালন। তৎকালীন রাষ্ট্রপ্রধান এইচ এম এরশাদ তিন দিনব্যাপী ওই উৎসবের উদ্বোধন করেন। এ সময় তিনি বিদ্যালয়টি সরকারীকরণের ঘোষণা দেন। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও বিদ্যালয়টি সরকারীকরণের ঘোষণা দেন। এরপর ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা উপদেষ্টা তৃতীয়বারের মতো বিদ্যালয়টি সরকারীকরণের ঘোষণা দেন। আজ পর্যন্ত ওই ঘোষণার বাস্তবায়ন হয়নি। বর্তমানে বিদ্যালয়টি মডেল স্কুল করার প্রক্রিয়া চলছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক প্রথম আলোকে বলেন, ‘নজরুল যে দুটি শ্রেণীকক্ষে বসে পাঠ গ্রহণ করতেন, সেই কক্ষ দুটি সংরক্ষিত আছে। এর বাইরে আমাদের কাছে আর কোনো তথ্য নেই।’ কবির স্মৃতি রক্ষার্থে বিদ্যালয়টি সরকারীকরণ করার দাবি জানিয়েছেন নজরুল গবেষক ও কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদ আনাম। ময়মনসিংহের ত্রিশালের প্রবীণ সাংবাদিক মোখলেছুর রহমান দীর্ঘদিন ধরে ত্রিশালে নজরুলের স্মৃতি নিয়ে গবেষণা করছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের সামনে নজরুলের কিশোর বয়সের একটি ভাস্কর্য নির্মাণের দরকার। ভবিষ্যৎ প্রজন্ম যাতে নজরুলের এখানকার স্মৃতি সম্পর্কে এ বিদ্যালয় থেকে কিছু জানতে পারে, সে ব্যবস্থা করা উচিত। তথ্য সংরক্ষিত না থাকলে ইতিহাস বিকৃত হয়। সে জন্য শতবর্ষী এ প্রতিষ্ঠানের ইতিহাস ও ঐতিহ্য রক্ষা করে কবির প্রতি সম্মান জানানো উচিত। আমরা ত্রিশালবাসী বিদ্যালয়টি সরকারীকরণের জোর দাবি জানাচ্ছি।’