তিনবারেও অভিযোগ গঠন হলো না নূর হোসেনের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেন ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে গতকাল সোমবারও অভিযোগ গঠন করা হয়নি ভারতের আদালতে। এ নিয়ে তিনবার দিন ধার্য করেও অভিযোগ গঠন করা সম্ভব হলো না তাঁদের বিরুদ্ধে।
নূর হোসেনের সহযোগী খান সুমন জামিনে মুক্তি পাওয়ার পর গতকাল কলকাতার বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে নির্ধারিত হাজিরা দেননি। বরং অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির না হওয়ার আবেদন জানান তিনি। এ কারণে এবারও অভিযোগ গঠন করতে পারেননি আদালত। এ অবস্থায় হাকিম মধুমিতা রায় অভিযোগ গঠনের পরবর্তী দিন ধার্য করেছেন আগামী ২৭ অক্টোবর।
গতকাল খান সুমন উপস্থিত না হলেও দমদম কেন্দ্রীয় কারাগার থেকে ওই আদালতে নূর হোসেন ও তাঁর অপর সহযোগী ওহিদুর জামান শামীমকে হাজির করা হয়। এর আগে গত ১৮ আগস্ট বাগুইহাটি থানার পুলিশ নূর হোসেন ও তাঁর এই সহযোগীদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে অভিযোগপত্র দায়ের করেছিল।
অভিযোগপত্র দায়েরের পর আদালত ১, ১৫ ও ২৯ সেপ্টেম্বর তিন দফায় অভিযোগ গঠনের তারিখ ধার্য করলেও কোনোবারই তা গঠন করা যায়নি। প্রথম দুবার—১ সেপ্টেম্বর নূর হোসেন ও ১৫ সেপ্টেম্বর আদালতের হাকিমের অনুপস্থিতির কারণে করা যায়নি অভিযোগ গঠন।
বাগুইহাটি থানার পুলিশের সহযোগিতায় গত ১৪ জুন রাতে সহযোগীসহ নূর হোসেনকে গ্রেপ্তার করেছিল বিধাননগর পুলিশের বিশেষ বাহিনী। তবে দীর্ঘ সাড়ে তিন মাসেও নূর হোসেনের পক্ষে আদালতে করা হয়নি কোনো জামিন প্রার্থনা। এই সময়ে জামিন আবেদন করা হয় দুই সহযোগীর পক্ষে। পরে খান সুমন বারাসাতের জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পান। আর শামীমের জামিন শুনানির দিন ধার্য রয়েছে আগামী ৯ অক্টোবর।