প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে বলেছেন, ‘আমরা নাকি ৫ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। তাঁরা (বিএনপি) মিথ্যে কথা বলেন, তা জানি, কিন্তু এহেন ডাহা মিথ্যে বলেন, তা জানা ছিল না।’
আজ দুপুরে ফরিদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীকল্যাণমন্ত্রী এ কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বেলা সাড়ে ১১টায় এ সভা শুরু হয়।
খন্দকার মোশাররফ বলেন, তিন তিনবার হওয়া দেশের একজন প্রধানমন্ত্রীর মুখে এ-জাতীয় কথা মানায় না।
সন্ত্রাসী, চাঁদাবাজি, ডাকাতির ক্ষেত্রে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স দেখাবে’ বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কেউ ছাড়াতে চাইলে তাদেরকেও গ্রেপ্তার করা হবে।
‘আমি সীমা লঙ্ঘন করি না’—মন্তব্য করে খন্দকার মোশাররফ বলেন, ‘মন্ত্রী হিসেবে অন্য তিনটি সংসদীয় এলাকার ব্যাপারে আমি নাক গলাতে পারি। তবে অন্য যাঁরা নির্বাচিত হয়েছেন, তাদের স্ব স্ব এলাকা আছে, তাই অন্যের এলাকায় হস্তক্ষেপ করি না। তবে কেউ সাহায্য চাইলে সাহায্য করব।’
ফরিদপুর-৪ আসনের এই সাংসদ বলেন, ‘১৫৩ আসনে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। আমিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। আমি তো কাউকে দাঁড়াতে বারণ করিনি বা কাউকে প্রত্যাহারে চাপ দিইনি। কেউ যদি নির্বাচনে না দাঁড়ায়, তাহলে নির্বাচন কমিশন বা আওয়ামী লীগের দোষ হবে কেন?’
মন্ত্রী বলেন, ‘বিরোধী দল বেকায়দায় পড়েছে, আগামীতে নির্বাচনে না এলে দল থাকে না। আবার নির্বাচনে এলে তাদের ভাষায় অবৈধ সরকরকে মেনে নেওয়া হয়। তাই তাঁরা নানা ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করবে, এজন্য আমাদের সতর্ক থাকতে হবে।’