তিনবিঘা করিডর ও বুড়িমারী পরিদর্শনে বিজিবির প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মেদ গতকাল বৃহস্পতিবার লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডর ও বুড়িমারী স্থলবন্দর জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১০৪ ব্যাটালিয়নের অধিনায়ক বিরেন্দ্র সিং তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবির মহাপরিচালক বহুল আলোচিত তিনবিঘা করিডর পরিদর্শন করেন। ভারতের অংশে তিনবিঘা করিডরের বিএসএফের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি তিনবিঘায় বিএসএফের সঙ্গে মতবিনিময় করেন।বিজিবির প্রধানের সঙ্গে ছিলেন উত্তর-পশ্চিমাঞ্চল জোনের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল ফিরোজ রহিম, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল নেয়ামুল ফাতেমী, বিজিবি ৩১ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মেহেদী হাসান, মেজর রুহুল আমিন। ভারতের পক্ষে ছিলেন বিএসএফের নর্থবেঙ্গল ডিআইজি গজেন্দ্র সিংহ, ১৭ ব্যাটালিয়ন কমান্ডার হরদেব সিং, ১০৪ ব্যাটালিয়ন কমান্ডার বিরেন্দ্র সিং ও উপঅধিনায়ক এস আর গিরি।মতবিনিময় শেষে পানবাড়ী বিওপি ক্যাম্পে সাংবাদিকেরা সীমান্ত হত্যা সম্পর্কে জানতে চাইলে বিজিবির প্রধান জানান, বিএসএফের হাতে সীমান্তে নিরীহ বাংলাদেশি হত্যা কীভাবে শূন্যের কোটায় নিয়ে আসা যায়, সে ব্যাপারে জোর চেষ্টা চলছে। সীমান্তে হত্যার বিষয়টি দিল্লির বৈঠকে আলোচনা হবে। বুড়িমারী সীমান্তে গত মাসে দুই ইয়েমেনিকে আটকের বিষয়ে তিনি বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।এর আগে দুপুর ১২টার দিকে বুড়িমারী বিজিবির সদর কোম্পানি ক্যাম্প ও আইসিপি এলাকা পরিদর্শন শেষে বিজিবির মহাপরিচালক সাংবাদিকদের বলেন, বুড়িমারী-চ্যাংরাবান্ধা উভয় দেশের যৌথ উদ্যোগে ফটক ও দর্শনার্থীদের জন্য উভয় দেশের দুই পাশে গ্যালারি নির্মাণসহ যৌথ পতাকা উত্তোলন করা হবে।