ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নতুন মহাপরিচালক সুভাস যোশি গতকাল শনিবার তিনবিঘা করিডর পরিদর্শন করেছেন। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উত্তর-পশ্চিম অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফিরোজ রহিমদের সঙ্গে তাঁর সংক্ষিপ্ত বৈঠক হয়। বৈঠকে সীমান্তসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।বিএসএফ প্রধানের নেতৃত্বে একটি দল গতকাল সকাল ১০টার দিকে তিনবিঘা করিডর পরিদর্শনে আসে। এ সময় বিজিবির পক্ষ থেকে বিএসএফ প্রধানকে স্বাগত জানিয়ে গার্ড অব অনার দেওয়া হয়।বিজিবির সদস্যদের মধ্যে ছিলেন রংপুর সেক্টর কমান্ডার কর্নেল নেয়ামুল ইসলাম ফাতেমী, ৩১ বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান ও উপ-অধিনায়ক মেজর রুহুল আমিন।সেক্টর কমান্ডার নেয়ামুল ইসলাম বলেন, নতুন বিএসএফ প্রধানকে সীমান্তে বাংলাদেশিদের হত্যাসহ বিভিন্ন বিষয়ে জানানো হয়। এ সময় তিনি বিষয়গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।