ভারতীয় ভূখণ্ডে থাকা বাংলাদেশের ছিটমহল দহগ্রাম ও আঙরপোতার সঙ্গে বাংলাদেশের স্থায়ী সংযোগ স্থাপনের জন্য বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার একটি ফ্লাইওভার বা উড়াল সেতু নির্মাণের ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে। এখন এই ফ্লাইওভার নির্মাণের জন্য পশ্চিমবঙ্গ সরকারের মতামত চেয়েছে কেন্দ্রীয় সরকার। এ লক্ষ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব টি এস তিরুমূর্তি পশ্চিমবঙ্গের মুখ্য সচিব অর্ধেন্দু সেনকে একটি চিঠি দিয়েছেন। পশ্চিমবঙ্গের রাজ্য স্বরাষ্ট্রসচিব সমর ঘোষ সাংবাদিকদের বলেছেন, এই ফ্লাইওভার নির্মাণ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে রাজ্য সরকারের মতামত জানিয়ে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারকে।প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার সীমানার মধ্যে থাকা বাংলাদেশের দুটি গ্রাম দহগ্রাম ও আঙরপোতা বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে ১৯৯২ সালে তিনবিঘা করিডর চালু হয়। করিডরের এই জমি অবশ্য ভারত সরকার বাংলাদেশকে লিজ দেয়। প্রতিদিন ১২ ঘণ্টা করে এই করিডর ব্যবহার করতে পারে বাংলাদেশের ছিটমহলের ওই বাসিন্দারা। আবার এই করিডরের মধ্যে আড়াআড়িভাবে ছেদ করে চলে গেছে ভারতের মেখলিগঞ্জ-কুচলিবাড়ি সড়ক। সেখানে চলাচল করে ভারতীয় যানবাহন।গত জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে তিনবিঘা করিডরের ওপর একটি ফ্লাইওভার নির্মাণ করতে ভারত সরকারকে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। প্রস্তাবে বলা হয়, ফ্লাইওভার তৈরি করা হলে তিনবিঘা করিডর থেকে ২৪ ঘণ্টা চলাচল করতে পারবে বাংলাদেশিরা। অন্যদিকে ভারতীয় যানবাহনও চলাচল করতে পারবে ফ্লাইওভারের ওপর দিয়ে। এ প্রস্তাবে অবশেষে নীতিগতভাবে রাজি হয় ভারত সরকার। এ মাসের প্রথম দিকে এই নিয়ে ভারত সরকারের উচ্চমহলে আলোচনা হয়। তারপর এই ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত হয়। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছে পাঠানো চিঠিতে বলেছে, কেন্দ্র চাইছে পশ্চিমবঙ্গ সরকার এই ফ্লাইওভার নির্মাণের দায়িত্ব নিক।