তিনি আওয়ামী লীগ নেতা, তাই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক রাশেদুন্নবী জুয়েল৷ তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত আছেন৷ তবে মাসের পর মাস তিনি অফিসে যান না৷ অথচ তিনি নিয়মিত বেতন-ভাতা তুলে নিচ্ছেন৷
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগদান করেন রাশেদুন্নবী জুয়েল। পরবর্তী সময়ে তাঁকে একই পদে স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব দেওয়া হয়। তবে যোগদানের পর থেকেই তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন৷ কিন্তু ভেতন-ভাতা ঠিকই নিয়মিত তুলে নিচ্ছেন৷ সরকারি দলের নেতা হওয়ার কারণে তাঁর বিরুদ্ধে কেউ কিছু বলতে চান না৷ এ ঘটনায় অন্য কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে৷
স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে নিয়োজিত চিকিৎসা কর্মকর্তা ফারহানা আফরোজ স্নিগ্ধা বলেন, ‘তাঁর (রাশেদুন্নবী জুয়েল) নাম শুধু কাগজে-কলমে জেনেছি৷ তবে কখনো দেখিনি৷ গত বছরের মে মাস থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত। বিষয়টি এক বছর আগে লিখিতভাবে উপাচার্য স্যারকে জানিয়েছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবীর মুঠোফোনে কল দিলে সংযোগ বন্ধ পাওয়া যায়৷
যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, তিনি (রাশেদুন্নবী জুয়েল) অফিসে আসেন না—এ কথা সত্য। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হারুন তাজিফ প্রথম আলোকে বলেন, তিনি (রাশেদুন্নবী জুয়েল) মাঝেমধ্যে আসা-যাওয়া করেন।
রাশেদুন্নবী জুয়েল গতকাল বুধবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে আমাকে কোনো কিছু অবগত করা হয়নি।’