
আমি গভীর প্রীতি ও শ্রদ্ধার সঙ্গে আমার বন্ধু-স্ত্রী নাদিরা আমিন খান জলিকে স্মরণ করছি। তিনি আমাদের অকালে ছেড়ে চলে গিয়েছেন। আমার বন্ধু নুরুল আমিন নান্টু সংস্কৃতি পরিমণ্ডলে আমাদের পথপ্রদর্শক ছিলেন। আমি সাধারণ মানের ছাত্র হয়েও নান্টু, রণ ও মেননের মতো চৌকস ছাত্রদের বন্ধুত্ব লাভ করেছি। নান্টু বন্ধু হয়েও আমাদের একধরনের অভিভাবক ছিলেন। সংস্কৃতি, রাজনীতি, খেলাধুলা, দেশ ও বিদেশের সার্বিক অবস্থার উন্নতি ও অবনতি জানার জন্য আমরা তাঁর দ্বারস্থ হতাম। এই সুবাদে এক অপরূপার সঙ্গে তাঁর হৃদয় লেনদেনের খবরও আমরা জেনে ফেললাম। আসলে নান্টুর বাসা ছিল আমাদের আড্ডাস্থল। তাঁর পরিবারের সদস্যরা আমাদের ভালোবাসতেন এবং সব সময় আপ্যায়ন করতেন। আমরা এই পরিবারের কাছে স্নেহের আশ্রয় পেয়ে ধন্য হতাম। জলি ভাবি আর নান্টু অল্প বয়সে পরিণয়সূত্রে আবদ্ধ হয়েছিলেন। জলি ভাবি যেমন চোখ-ধাঁধানো সুন্দরী ছিলেন, তেমনি মানুষ হিসেবে ছিলেন অনন্য। আমাদের কুলভাঙা আড্ডার অত্যাচার তিনি হাসিমুখে সহ্য করতেন। প্রথম সন্তান সুস্মিতার জন্মের সময় আমরা তাঁদের পাশেই ছিলাম। পরিবারটির সঙ্গে আমরা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ছিলাম। আজ দূরে সরে গেলেও জলি ভাবি, নান্টু ও সুস্মিতা আমার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আজই রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে মনে হলো, যৌবনের মৃত্যু নেই। সেই অনন্যসুন্দরী ও স্নিগ্ধ স্বভাবের জলি ভাবি ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর আমাদের চিরদিনের জন্য ছেড়ে গেলেও তিনি আছেন আমাদের হৃদয়ে এবং আমাদের শুদ্ধ সুন্দর স্মৃতিতে:
আজ প্রৌঢ়ত্ব পার হয়েও/ মনে হয় সবই যেন সেদিনের/ কথা, সব মুছে যায়/ স্মৃতি মুছে না, সে বড়/ বেদনার আর আনন্দের/ নব যৌবন ও যৌবনকে/ আমি স্মৃতিতে আলিঙ্গন করে/ রাখি, মনে হয় কিছু হয়নি/ আছি আমরা সেই ষাটের/ দশকের ছাত্ররা একে অন্যের/ সঙ্গে আশ্লিষ্ট-আলিঙ্গনে/ আছি আমরা, আজও আমাদের জলি/ ভাবি আর নান্টুর সহযাত্রী/ হয়ে মনোলোকে/ অনন্ত ভুবনে, আসলে/ জীবনের মরণ নাই।
আতাউর রহমান: অভিনেতা, নাট্য নির্দেশক ও লেখক, একুশে পদকপ্রাপ্ত।