
‘সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক জগতে তিনি আলোক দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। সমাজ ও জীবনের প্রয়োজনে সামনের সারিতে থেকে দিয়ে চলেছেন নেতৃত্ব। কাজ করছেন প্রজন্মের বাতিঘর হিসেবে।’ এভাবেই অধ্যাপক আনিসুজ্জামানের অবদানের মূল্যায়ন করলেন আলোচকেরা তাঁর সংবর্ধনা অনুষ্ঠানে।
গতকাল সোমবার সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে একাডেমির কর্মচারী ইউনিয়ন এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি যৌথভাবে এই সংবর্ধনার আয়োজন করে। ভারত সরকারের দেওয়া পদ্মভূষণ সম্মাননা পাওয়ায় অধ্যাপক আনিসুজ্জামানকে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। মঞ্চে উপস্থিত ছিলেন আনিসুজ্জামানের স্ত্রী সিদ্দিকা জামান। আলোচনায় অংশ নেন প্রাবন্ধিক মফিদুল হক, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক অসীম সাহা, প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি, কর্মচারী সমিতির সভাপতি কাজী জাহিদুল হক প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক মিলনকান্তি নাথ। জীবনী পাঠ করেন কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম। সঞ্চালনা করেন সৈয়দ জাকির হোসাইন।
অনুষ্ঠানের শুরুতেই অধ্যাপক আনিসুজ্জামানকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। এরপর আয়োজকদের পক্ষ থেকে তাঁকে প্রতিকৃতি, বই ও বিভিন্ন উপহার প্রদান করা হয়।
আলোচকেরা বলেন, অধ্যাপক আনিসুজ্জামান তাঁর মেধা ও প্রজ্ঞার আলোকে প্রকাশনাশিল্পকে সমৃদ্ধ করেছেন। অধ্যাপনা, গবেষণা, সংস্কৃতিচর্চার পাশাপাশি তিনি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচার এবং সাম্প্রতিক জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন। পালন করে যাচ্ছেন আমাদের অভিভাবকের ভূমিকা। এ কারণেই তিনি লাভ করেছেন সর্বস্তরের মানুষের ভালোবাসা।
সংবর্ধনার প্রতিক্রিয়ায় তিনি বলেন ‘আমি অভিভূত, আপ্লুত। এই সম্মাননা পাওয়ার পর অনেক অপ্রত্যাশিত ক্ষেত্র থেকেও অভিনন্দন পেয়েছি। এত মানুষের যে ভালোবাসা লাভ করেছি তা নিজেও জানতাম না। মানুষের আন্তরিক ভালোবাসার চেয়ে মূল্যবান আর কী হতে পারে? সেই ভালোবাসায় সমৃদ্ধ হয়েছি।’ তিনি সংবর্ধনার আয়োজক ও যাঁরা তাঁর এই সম্মাননা প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।