আমীন আহমেদ চৌধুরী ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ে নিবেদিতপ্রাণ। এ-বিষয়ক সব কাজেই তিনি যুক্ত থাকতেন। তিনি ছিলেন বহুমাত্রিক একজন মানুষ।গতকাল শুক্রবার মেজর জেনারেল আমীন আহমেদ চৌধুরী (অব.) বীর বিক্রমের স্মরণসভা অনুষ্ঠানে তাঁর সহকর্মী, একাত্তরের সহযোদ্ধা, বন্ধু ও শুভানুধ্যায়ীরা এসব কথা বলেন। সম্প্রতি প্রয়াত কৃতী এই সাবেক সেনা কর্মকর্তার স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে এই সভার আয়োজন করা হয়।স্মরণসভায় শিল্পী কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমীন আহমেদ চৌধুরী শিল্পীদের অনেক ভালোবাসতেন। দেখা হলেই হাসিমুখে আলিঙ্গন করতেন তিনি। সামরিক বাহিনীতে তাঁর মতো শিল্প-সংস্কৃতিমনা মানুষ আমি আর দেখিনি।’মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘আমীন আহমেদ চৌধুরী ছিলেন একজন অনন্য, বলিষ্ঠ মানুষ। সেটা তাঁর জীবনের সর্বক্ষেত্রেই। মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার কারণে তাঁর পরিবারের সদস্যদের মেরে ফেলা হয়েছিল। সেই বেদনা নিয়েই তিনি বেঁচে ছিলেন। আমৃত্যু মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাজ করেছেন।’শিল্পী সমরজিৎ রায় চৌধুরী বলেন, ‘তিনি জাতি, বর্ণ, ধর্মের ঊর্ধ্বে ছিলেন। আমরা তাঁকে হারালেও তাঁর কর্ম ও ধ্যানধারণা হারাইনি।’একাত্তরের মুক্তিযুদ্ধের পরে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সঙ্গে আমীন আহমেদ চৌধুরীর ‘অনন্য ভূমিকার’ কথা তুলে ধরেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ।মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী সিকদার কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে শোকবাণী পাঠ করেন।অনুষ্ঠানের শুরুতে আমীন আহমেদ চৌধুরী, খুরশীদউদ্দিন আহমেদ এবং সাভারে ভবনধসে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণসংগীত গেয়ে শোনান শারমিন সাথী ইসলাম। শোকসভায় স্মৃতিচারণা করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, মুক্তিযোদ্ধা কাজী সাজ্জাদ এ জহির, প্রকৌশলী নেসার আহমেদ, স্থপতি আবু সাঈদ মোস্তাক আহমেদ, শিল্পী হামিদুজ্জামান, অধ্যাপক মেসবাহ কামাল এবং আমীন আহমেদ চৌধুরীর বড় ছেলে লুৎফুল আমীন।