তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
ঝুঁকিপূর্ণ শারীরিক সম্পর্কের পর গর্ভধারণ রোধে কখনো কখনো নারীদের পিউলি নামের বড়ি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে গত বছর ১০ নভেম্বর কোনো ব্যবস্থাপত্রে না, নিজের মুঠোফোন থেকে খুদে বার্তা লিখে এক নারীকে পিলটি খেতে বলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামছুর রহমান।
শুধু এই খুদে বার্তা নয়। মুঠোফোন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই চিকিৎসক গত বছরের অক্টোবর মাস চলতি বছরের ৩১ মে পর্যন্ত ওই নারীকে ফোন করেছেন মোট ৫১১ বার। খুদে বার্তা পাঠিয়েছেন ৯৬টি। প্রেম-ভালোবাসা নিবেদনই ছিল এসব ফোন ও খুদে বার্তার উদ্দেশ্য। শেষ পর্যন্ত গত ৩১ মে ওই নারীকে গোপনে বিয়েও করেন। তবে এক দিন পরই তিনি বিয়ে অস্বীকার করে ওই নারীসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দিলে বাধে গন্ডগোল। ওই নারী শামছুরের বিচার দাবি করে গত ২ জুলাই স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সাংসদ, স্বাস্থ্যসচিব, জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্টদের কাছে লিখিত অভিযোগ করেন। এর আগে গত ১০ জুন দিনাজপুর আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাও করেন।
ওই নারীর অভিযোগ, চিকিৎসা নিতে গিয়ে শামছুরের সঙ্গে তাঁর পরিচয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই চিকিৎসক তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত ১০ নভেম্বরের পর থেকে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে টালবাহানা শুরু করেন শামছুর। এর মধ্যে বিষয়টি স্বাস্থ্য কমপ্লেক্সের অন্য চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীরা জেনে গেলে চাপে পড়েন স্বাস্থ্য কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসক বলেন, চাপে পড়ে শামছুর রংপুরে গিয়ে ওই নারীকে বিয়ে করেন। এক দিন পরই তিনি ওই নারী ও তাঁর বৃদ্ধ মাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে তাঁকে (শামছুর) অপহরণ করে বিয়েতে বাধ্য করার অভিযোগে রংপুর কোতোয়ালি থানায় মামলা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক বলেন, শামছুরের আগেও স্ত্রী ও সন্তান রয়েছে। তাঁরা লক্ষ্মীপুর থাকেন।
শামছুরের প্রথম স্ত্রী লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ মজুপুর মহল্লার ফাহমিদা ইয়াসমিন ১ জুলাই মুঠোফোনে বলেন, একই এলাকার বাসিন্দা শামছুরের সঙ্গে ২০০৬ সালে তাঁর বিয়ে হয়। তাঁদের পাঁচ বছরের একটি ছেলেও আছে। বিয়ের পরপরই বিভিন্ন নারীর সঙ্গে শামছুরের অনৈতিক সম্পর্কের বিষয়টি জানতে পারেন। তবে সন্তানের কথা ভেবে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে পারেননি। ২০১২ সালে দিনাজপুরের ঘোড়াঘাটে যোগদানের পর স্ত্রীকে সেখানে নেননি শামছুর। গত দুই বছর যাবৎ স্ত্রী-সন্তানের কোনো খোঁজও নেননি। শামছুরের দ্বিতীয় বিয়ের ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।
তবে শামছুরের সঙ্গে যোগাযোগ করা হলে ঘোড়াঘাটের ওই নারীর সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই বলে দাবি করে বলেন, যে কারও সঙ্গে তাঁর কথা হতেই পারে। প্রেমপূর্ণ কথোপকথন বা খুদে বার্তার বিষয়ে জানতে চাইলে তিনি আর কোনো কথা বলেননি। স্ত্রী ও সন্তানের খোঁজ না নেওয়ার বিষয়ে জানতে চাইলেও তিনি বিষয়টি এড়িয়ে যান।
ঘোড়াঘাটের ইউএনও রোখছানা বেগম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে মামলা হওয়ায় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
স্থানীয় সাংসদ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শিবলী সাদিক বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।