তিনি একই সঙ্গে চিকিৎসক ফার্মাসিস্ট ও পরিদর্শিকা
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের চিকিৎসকের পদটি প্রায় ছয় বছর ধরে শূন্য। পরিবার পরিকল্পনা পরিদর্শিকার ওপর নির্ভর করে চলছে এই কেন্দ্রের স্বাস্থ্যসেবা। একই সঙ্গে তিনি চিকিৎসক ও ফার্মাসিস্টের দায়িত্বও পালন করছেন। এতে ইউনিয়নবাসীর স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে, কেন্দ্রটির উপসহকারী কমিউনিটি চিকিৎসক বিষ্ণুপদ রায় ২০০৭ সালের ৮ আগস্ট বদলি হয়ে অন্যত্র যান। এর পর থেকে চিকিৎসকের পদ খালি। গত আড়াই মাস ধরে শূন্য রয়েছে ফার্মাসিস্টের পদও। এলাকাবাসী জানান, বাঘাসুরা ইউনিয়নের ৩০ হাজার লোকের একমাত্র স্বাস্থ্যসেবা কেন্দ্র এটি। বর্তমানে কেন্দ্রের একমাত্র ভরসা পরিবার পরিকল্পনা পরিদর্শিকা কামরুন্নাহার নাছরিন। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্যকেন্দ্রের একটি কক্ষে বসে আছেন কামরুন্নাহার। কেন্দ্রে নেই পানির নলকূপ ও বিদ্যুৎ সংযোগ। কামরুন্নাহার জানান, প্রতিদিন মা ও শিশুসহ অর্ধশত রোগী এখানে চিকিৎসা নিতে আসে। জটিল রোগী এলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেওয়া হয়। ২০০৯ সালের ১৮ অক্টোবর প্রথম আলোতে ‘মাধবপুরের বাঘাসুরা স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ ও চিকিৎসক নেই’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে এটি কর্তৃপক্ষের নজরে আসে। পরে কেন্দ্রটিতে প্রেষণে একজন চিকিৎসক ও ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হয়। এক বছর পর এ চিকিৎসক চলে যান। গত বছরের ১৮ নভেম্বর ফার্মাসিস্টও অন্যত্র বদলি হন। তখন থেকে কামরুন্নাহার ওই তিনটি পদে একাই দায়িত্ব পালন করছেন। গ্রামের বাসিন্দা রাহেল আহামঞ্চদ বলেন, চিকিৎসক ও ফার্মাসিস্ট না থাকায় ইউনিয়নের দরিদ্র লোকজনকে চিকিৎসার জন্য ২২ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ দেবনাথ প্রথম আলোকে বলেন, কেন্দ্রটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায়। বিষয়টি নিয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাই বলতে পারবেন। মাধবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকিবউদ্দিন বলেন, ‘কেন্দ্রে চিকিৎসক না থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।’