তিনি একাই এক শ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে চারজন মেয়র প্রার্থীর মধ্যে একমাত্র স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবির। এই প্রার্থী নিজেই দিন-রাত মাইক বাজিয়ে নিজের জন্য ভোট চাইছেন। হাঁটছেন পাড়া-মহল্লায়।
গত মঙ্গলবার পৌর শহরের পূর্ব চৌরাস্তার মোড়ে দেখা হয় আলমগীর কবিরের সঙ্গে। হ্যান্ডমাইক বাজিয়ে তিনি প্রচারণা চালাচ্ছিলেন। অবসরপ্রাপ্ত সেনাসদস্য আলমগীর বলেন, প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে নিজের ‘নারকেলগাছ’ প্রতীকে ভোট চেয়ে বেড়ান তিনি। সেই সঙ্গে ভোটারদের হাতে ধরিয়ে দেন লিফলেট। মনোনয়নপত্র জমা দেওয়ার পরদিন থেকেই তিনি গণসংযোগ চালাচ্ছেন।
রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া তাঁর হলফনামা ঘেঁটে জানা যায়, তিনি স্নাতক (বিএ) পাস।
আলমগীর কবির আরও বলেন, এতোদিন যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁরা নির্বাচনে বেশি টাকা খরচ করে প্রচারনা চালিয়েছেন। এরপর ক্ষমতায় গেলে বিভিন্ন উপায়ে ওই টাকা ওঠান। তাই তিনি নির্বাচনে সামান্য টাকা খরচ করছেন। পৌরবাসী তাঁকে মূল্যায়ন করবেন বলে আশা করেন তিনি।
জগথা মহল্লার ভোটার আবদুল হক ও ভেলাতৈড় মহল্লার জিল্লুর রহমান বলেন, একটি হ্যান্ডমাইক নিয়ে একা দিন-রাত ভোট চেয়ে বেড়ানো কম ধৈর্যের বিষয় নয়।
পীরগঞ্জে মেয়র পদে আরও আছেন আওয়ামী লীগ থেকে সাবেক মেয়র কশিরুল আলম, জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক মেয়র গোলাম হোসেন এবং বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র রাজিউর রহমান।
কয়েকজন ভোটার বলেন, অন্য মেয়র প্রার্থীরা বিশাল নির্বাচনী বাহিনী, মোটরসাইকেলের বহর ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন। পোস্টরে এলাকা ছেয়ে গেছে।
মেয়র প্রার্থী কশিরুল আলম বলেন, ‘আমি নির্বাচনে প্রথম থেকেই আচরণবিধি মেনে চলার যথাসাধ্য চেষ্টা করছি।’