তিনি এখন মুক্ত জীবনের মানুষ
একসময় চোরাচালানিদের গরু পারাপারে রাখালের কাজ করতেন। আয়-রোজগার ভালোই ছিল। দুই-চার দিন খেটেই সারা মাসের এমনকি দুই মাসেরও সংসারের খরচ জোগাড় হয়ে যেত। তবু শান্তি পেতেন না। অজানা আশঙ্কা তাড়া করত তাঁকে। দুশ্চিন্তায় ঘুম হতো না ঠিকমতো। অনুশোচনায় ছেড়ে দিলেন কম খেটে বেশি আয়ের বিপজ্জনক অবৈধ পথ। তারপর শুরু করলেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কঠোর পরিশ্রম। এক গ্রাম থেকে অন্য গ্রামে ছোটা। পুরোনো সাইকেলের সঙ্গে থাকা নানান জিনিসের ভাঙারির ভারী বোঝা। পরিশ্রমের আয়ে তৃপ্তি নিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে আহার করেন। আরামের ঘুম হয়। এখন দুশ্চিন্তাহীন মুক্তজীবন।
এ জীবনের গল্প চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কালীনগর গ্রামের তরিকুল ইসলামের (৩৬)। তিনি সাইকেলে করে গ্রামে-গঞ্জে ঘুরে প্লাস্টিকের ভাঙা-ফুটো পাত্র, পাইপ, জংধরা লোহা, টিনের টুকরাসহ নানা ধরনের ভাঙারি সংগ্রহ করে থাকেন। শীতের দিনে ভোর ছয়টায় বের হয়ে ফেরেন সন্ধ্যায়। গরমের সময় বাড়ি থেকে বের হন ভোর পাঁচটায়। প্রতিদিন ৩০ থেকে ৫০-৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গ্রাম থেকে গ্রামে ছোটেন হালাল রুজির সন্ধানে। প্রতিদিন ২০০ থেকে ৪০০ টাকা, কোনো কোনোদিন এরও বেশি আয় করে থাকেন।
গত মঙ্গলবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল বাবুডাইং আদিবাসী গ্রামে ভাঙারি কেনার সময় তরিকুল ইসলাম তাঁর গল্পটি শোনান।
তরিকুল জানান, তাঁর দুই মেয়ে এক ছেলে। ১২ বছরের এক মেয়ে ষষ্ঠ শ্রেণি ও আট বছরের এক মেয়ে দ্বিতীয় শ্রেণি এবং পাঁচ বছরের ছেলেটা শিশু শ্রেণিতে পড়ে।