তিনি এবার সংসদ সদস্য প্রার্থী!
২০১১ সালে বরগুনার আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন খলিলুর রহমান খান। প্রতিদ্বন্দ্বী তিনজন প্রার্থীর মধ্যে ফলাফলে তিনি ছিলেন তৃতীয় স্থানে। ভোট পেয়েছিলেন ২০০-এর কম।
কিন্তু এবার তিনি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী হিসেবে গতকাল সোমবার আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল্লাহর কাছে মনোয়নপত্র জমা দেন। এ সময় অন্যদের মধ্যে তাঁর সঙ্গে ছিলেন বরগুনা জেলা বিএনএফের যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান ফিরোজ ও আমতলী উপজেলা শাখার আহ্বায়ক জহিরুল ইসলাম।
বরগুনা জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, খলিলুর রহমান খান ছাড়াও বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভু, জাতীয় পার্টির শাহজাহান মানসুর এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ দেলোয়ার হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনে মোট ভোটার তিন লাখ ৫৮ হাজার ১১১ জন।
এ ব্যাপারে খলিলুর রহমান খানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে।