তিনি কারাগারে গ্রামবাসী জিতিয়ে আনলেন তাঁকে
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে জেলখানা থেকে নির্বাচনে অংশ নিয়ে পুনর্নির্বাচিত হয়েছেন মোতাহার হোসেন।
ফুলবাড়ী নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ৬ নম্বর নয়জন কাউন্সিলর পদে নয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মোতাহার হোসেন ‘ডালিম’ প্রতীক নিয়ে ৮৩০ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল লতিফ ‘উটপাখি’ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৪৪ ভোট। নির্বাচনী হলফনামা অনুযায়ী মোতাহারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটিসহ মোট পাঁচটি মামলা আদালতে বিচারাধীন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশতাক আহমেদ বলেন, এ বছর বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গত ৩০ নভেম্বর আদালতে হাজিরা দিয়ে জামিন নিতে গেলে বিজ্ঞ বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। সেখান থেকে তিনি প্যারোলে এসে মনোনয়নপত্র জমা দেন। সম্প্রতি ওই মামলায় মোতাহার হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে ওসি মোশতাক আহমেদ জানান।
মোতাহার হোসেনের নির্বাচনী এজেন্ট বলেন, কাউন্সিলর প্রার্থী মোতাহার হোসেনের পক্ষে নির্বাচনে গ্রামবাসীসহ ওয়ার্ডের সাধারণ ভোটাররা প্রচারণা চালান। গ্রামবাসী ও সমর্থকদের সহযোগিতায় তিনি পুনরায় নির্বাচিত হলেন।