তিনি কারাগারে, পুলিশ বলছে পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম র‌্যাব-পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আলমগীর কবির ওরফে বাইট্টা আলমগীর ২০০২ সাল থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন। অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যাসহ দুই মামলায় তাঁর ফাঁসি হয়েছে। অথচ একটি অস্ত্র মামলায় তাঁকে পলাতক দেখাচ্ছে পুলিশ।
কারাবন্দী আসামিকে কেন পলাতক দেখানো হচ্ছে? জানতে চাইলে এ মামলা পরিচালনার দায়িত্বে থাকা রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবিদ হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশ তাঁকে পলাতক দেখিয়ে অভিযোগপত্র দিয়েছে। এ কারণে তিনি পলাতক। তবে তিনি যদি কারাবন্দী থাকেন, তাহলে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ত্রাসী আলমগীর কবিরকে ওই মামলা থেকে পার পাইয়ে দিতে তাঁর কারাগারে থাকার তথ্যটি গোপন করে পুলিশ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া বলেন, কারাগারে আটক বাইট্টা আলমগীরের তিন মামলায় সাজা হয়েছে। একটি হত্যা মামলায় হাজিরা দিচ্ছেন। বায়েজীদ বোস্তামী থানার অস্ত্র মামলার তথ্য তাঁর হাজতি পরোয়ানাতে নেই। কারাগারে আটক কোনো আসামিকে আদালতে হাজির করতে হলে পরোয়ানা দেন আদালত। বাইট্টা আলমগীরের কোনো পরোয়ানা তাঁরা পাননি।
কারা রেজিস্টারে দেখা গেছে, জেলার ফটিকছড়ি নানুপুরের ওমর ফারুক সিদ্দিকীর ছেলে বাইট্টা আলমগীর ২০০২ সালের ১৯ সেপ্টেম্বর কারাগারে ঢোকেন। তাঁর বিরুদ্ধে চার মামলায় তিনটিতে সাজা হয়েছে। ২০০০ সালের ১২ জুলাই নগরের বহদ্দারহাটে চাঞ্চল্যকর আট খুনের মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দেন নিম্ন আদালত। এ বছর উচ্চ আদালত থেকে এ মামলায় খালাস পান। চট্টগ্রামের নাজির হাট কলেজের সাবেক অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় ২০০৩ সালে তাঁকে মৃত্যুদণ্ড দেন আদালত। উচ্চ আদালত সেই সাজা বহাল রাখেন। বর্তমানে এ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেছেন বাইট্টা আলমগীর। পাঁচলাইশ থানার একটি অস্ত্র মামলায় দুই বছর ছয় মাস সাজা হয় তাঁর। বর্তমানে তাঁর বিচার চলছে শুধু পাঁচলাইশ থানার একটি হত্যা মামলায়। এ মামলায় চলতি বছরের ১৬ অক্টোবর, ১১ সেপ্টেম্বর, ৭ আগস্টসহ বিভিন্ন ধার্য দিনে কারাগার থেকে আদালতে হাজিরা দিয়েছেন তিনি। ২০ নভেম্বর চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে ওই মামলায় পরবর্তী দিন ধার্য রয়েছে।
কিন্তু হাজতি পরোয়ানায় অস্ত্র মামলার তথ্য না থাকায় হাজিরা দিচ্ছেন না বাইট্টা আলমগীর। বর্তমানে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে। এ মামলার নথিতে বাইট্টা আলমগীর পলাতক আসামি।
মামলার নথিপত্রে দেখা যায়, ২০০৮ সালে পুলিশ যখন অভিযোগপত্র দাখিল করে, তখন কারাগারে ছিলেন বাইট্টা আলমগীর।
জানতে চাইলে এ মামলার তদন্তকারী কর্মকর্তা বর্তমানে নগর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক এনায়েত কবীর বলেন, ‘অভিযোগপত্র দেওয়ার আগে আসামির অবস্থান জানতে সংশ্লিষ্ট থানা থেকে প্রতিবেদন নিই। সেই প্রতিবেদন অনুযায়ী আসামিকে পলাতক দেখানো হয়েছে।’ বাইট্টা আলমগীর এখন কারাগারে—এ তথ্য জানালে তিনি বলেন, ‘সেটা আমার দেখার কথা নয়, সংশ্লিষ্ট থানা এ খবর রাখবে।’
চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, এই পরিস্থিতির জন্য রাষ্ট্রপক্ষ ও পুলিশ দায়ী। এখানে আদালতের কিছুই করার নেই। এখন অস্ত্র মামলায় সাজা হলেও পুলিশ তাঁকে খুঁজে পাবে না।