তিনি ছিলেন বিদ্যায়তনের জগতের বাসিন্দা
জাতীয় অধ্যাপক এ এফ সালাহ্উদ্দীন আহমদ একেবারে অকালে চলে গেলেন, এ কথা বলা যাবে না। একটি পরিপূর্ণ জীবন তিনি পার করে গেছেন। কিন্তু তিনি ছিলেন সেই বিরল মানুষদের একজন, যাঁদের প্রস্থান যেকোনো সময়েই অপূরণীয় শূন্যতা রেখে যায়। সালাহ্উদ্দীন আহমদের জ্ঞান ও জীবনচর্চা ছিল বাঙালির ইতিহাস, মূল্যবোধ ও নৈতিকতার অভিসারী।
সালাহ্উদ্দীন আহমদ আন্তরিক অর্থেই ছিলেন বিদ্যায়তনের জগতের বাসিন্দা। কিন্তু সাধারণ মানুষের জীবন ও শ্রেয়োবোধ থেকে বিচ্ছিন্ন কোনো জ্ঞানচর্চা ও শিক্ষায় তাঁর রুচি ও আস্থা ছিল না। উপনিবেশ আমলের অবিভক্ত ভারতে, তরুণ ছাত্র বয়সে, তিনি বাম ধারার প্রগতিশীল রাজনীতির সংস্পর্শে আসেন। ছাত্র থাকা অবস্থাতেই তিনি খিদিরপুর বন্দর এবং ডাক ও তার বিভাগের শ্রমিকদের মধ্যে কাজ করেন। ভারতের অন্যতম সাম্যবাদী নেতা মানবেন্দ্রনাথ রায়ের সঙ্গে এ সময়ে তাঁর কাজ করার অভিজ্ঞতা হয়।
বাম রাজনৈতিক চেতনা ও মানবেন্দ্রনাথ রায়ের প্রগতিশীল মানবতাবাদ (র্যা ডিক্যাল হিউম্যানিজম) অধ্যাপক সালাহ্উদ্দীন আহমদের পরবর্তী জীবনের ভাবনাকে যুগপৎ গভীরভাবে প্রভাবিত করে। একদিকে সব রকমের শোষণ ও বৈষম্য থেকে তিনি সমাজের রূপান্তর চেয়েছেন। আরেক দিকে ব্যক্তিমানুষের স্বাতন্ত্র৵, বৈচিত্র্য ও সম্ভাবনাকে লালন করতে পারার মতো সহিষ্ণু ও কল্যাণকামী সমাজ প্রত্যাশা করেছেন। তাঁর উপলব্ধি ছিল, সমাজের মুক্তি যদি ব্যক্তির মুক্তি ঘটাতে না পারে, তাহলে সেটি আদর্শ সমাজ হতে পারে না। তিনি একাধারে বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী ও জাতীয়তাবাদের উগ্রতার বিরোধী ছিলেন। গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতায় তাঁর আস্থা আমৃত্যু অটুট ছিল। তাঁর আরেক গভীর ব্যক্তিগত অনুরাগ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি।
বিদ্যায়তনের শিক্ষার সঙ্গে সালাহ্উদ্দীন আহমদের এই আদর্শবাদ একাকার হয়ে গিয়েছিল। তাঁর সমস্ত গবেষণার মর্মে এটি প্রচ্ছন্ন ঝরনাধারার মতো বয়ে চলেছে।
সালাহ্উদ্দীন আহমদ ছিলেন ইতিহাসের ছাত্র। ইতিহাসের অধ্যাপক হিসেবে পড়িয়েছেন জগন্নাথ কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গবেষণার ক্ষেত্র হিসেবে সামাজিক ইতিহাস ছিল আগ্রহের বিষয়। সরদার ফজলুল করিম ও মুস্তাফা নূরউল ইসলামসহ আরও কয়েকজনের সঙ্গে মিলে তিনি জাতীয় জাদুঘরে বাচনিক ইতিহাসের প্রকল্প নিয়েছিলেন। সেখানে সংগৃহীত হয়ে আছে নানা ব্যক্তির সঙ্গে ওতপ্রোত হয়ে থাকা বাংলাদেশের সমাজের বিকশিত হয়ে ওঠার অমূল্য কাহিনি।
প্রথম আলোর সঙ্গে সালাহ্উদ্দীন আহমদের সম্পর্ক ছিল গভীর। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাস নথিবদ্ধ করার জন্য তিনি তাগিদ অনুভব করেছিলেন এবং প্রথম আলোকে প্রস্তাব দিয়েছিলেন। তাঁর সে প্রস্তাব অনুযায়ী প্রতিবছরের তথ্য বই আকারে প্রকাশ করার কাজও শুরু হয়েছিল। প্রথমা প্রকাশন থেকে সংবাদপত্রে বাংলাদেশ: প্রথম আলোয় প্রকাশিত নির্বাচিত সংবাদ সংকলন ২০১২ শিরোনামে একটি বইও বেরিয়েছিল।
অধ্যাপক সালাহ্উদ্দীন আহমদ বিশ্বাস করতেন, ধর্মচর্চায় বাঙালির সমন্বয়পন্থার গুরুত্ব এখনো অপার। বাঙালির ধর্মীয় সমন্বয়পন্থার অন্বেষণ ও পুনরুদ্ধার ছিল তাঁর গবেষণার একটি প্রিয় বিষয়। সমন্বয়ের এই চেতনা উপচে পড়েছিল তাঁর ব্যক্তিগত জীবনেও। তাঁর কাছের বন্ধুরা ছিলেন বিচিত্র রাজনৈতিক আদর্শে বিশ্বাসী। রাজনৈতিক বিশ্বাসের ভেদ তাঁর বন্ধুত্বকে বিন্দুমাত্র আচ্ছন্ন করেনি। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সজ্জন, মৃদুভাষী ও সহিষ্ণু।
সালাহ্উদ্দীন আহমদ ছিলেন একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণার জন্য প্রতিষ্ঠিত ‘মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র’-এর ট্রাস্টি বোর্ডের সভাপতি। দীর্ঘদিন তিনি বঙ্গবন্ধু জাদুঘরের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তাঁর স্ত্রী হামিদা খানম ছিলেন বেথুন কলেজের ছাত্রী এবং প্রথম দিকের মুসলমান নারী স্নাতকদের একজন। সুলেখক ও শিক্ষক হামিদা খানমের সঙ্গে তিনি মধুর ও প্রীতিকর এক দাম্পত্য সম্পর্ক অতিবাহিত করেছেন। ২০১১ সালে স্ত্রীর মৃত্যুর পর সালাহ্উদ্দীন আহমদ নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন।