তিনি ছিলেন মানবতাবাদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অধ্যাপক এ এফ সালাহ্উদ্দীন আহমেদের রাজনৈতিক আদর্শ যা-ই থাকুক না কেন, সর্বোপরি তিনি ছিলেন মানবতাবাদী। মনেপ্রাণে তিনি ছিলেন একজন খাঁটি বাঙালি। তাঁকে হারিয়ে জাতি একজন অভিভাবককে হারিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ইতিহাস পরিষদ আয়োজিত এক শোকসভায় বক্তারা এসব কথা বলেন। গত ১৯ অক্টোবর ভোরে নিজ বাসভবনে মারা যান ইতিহাস পরিষদের সাবেক এই সভাপতি। পরিষদের বর্তমান সভাপতি জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ সভায় সভাপতিত্ব করেন।
আলোচনায় অংশ নিয়ে বদরুদ্দীন উমর বলেন, রাজনৈতিকভাবে তাঁর সঙ্গে বিস্তর মতপার্থক্য থাকলেও তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কোনো অবনতি ঘটেনি। শেষ জীবনে এই মতপার্থক্য গুরুতর হয়েছিল, কিন্তু সম্পর্কটা রয়ে গিয়েছিল আগের মতোই। তিনি বলেন, ‘তাঁর মতো একটা সভ্য লোকের অভাব এ দেশে খুব বেশি। তিনি শেষ পর্যন্ত সভ্য মানুষ হিসেবেই মৃত্যুবরণ করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এ বি এম হোসেন বলেন, রাজনৈতিক ইতিহাসের বাইরেও যে সামাজিক প্রেক্ষাপট উল্লেখ করে ইতিহাস রচনা করা যায়, এই ধারণার উদ্যোক্তাদের মধ্যে তিনি ছিলেন একজন। এককথায় বলতে গেলে তিনি একজন খাঁটি বাঙালি ছিলেন।
পদার্থবিদ অধ্যাপক অজয় রায় বলেন, ‘তাঁর কাছ থেকে ছাত্রের মতো শিখেছি, সমাজের কথা, সাহিত্যের কথা, ইতিহাসের কথা জেনেছি। তাঁকে বলা হয় শুদ্ধতার প্রতীক। মননে-চিত্তে তিনি শুদ্ধতার চর্চা করতেন। মিষ্টভাষী এই ব্যক্তি সারা জীবন তাঁর মৃদু হাস্যময় স্মিত মুখটি ধরে রেখেছিলেন।
প্রত্নতত্ত্ববিদ এনামুল হক বলেন, ‘তিনি ছিলেন মানবতাবাদী, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, অসাধারণ ও অমায়িক একজন ব্যক্তি। তিনি কখনো উচ্চ কণ্ঠে কোনো কথা বলেছেন—একথা বলে কেউ বলতে পারবে না। তাঁকে হারিয়ে আমরা একজন জাতীয় অভিভাবক হারালাম, এটাই সত্য কথা।’
সভায় আরও বক্তব্য দেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য কে এম মহসীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক লতিফা আকন্দ, কলা অনুষদের ডিন অধ্যাপক আখতারুজ্জামান প্রমুখ।