তিনি ঝাড়ুদার, ফার্মাসিস্ট ও চিকিৎসক
পুরোনো চৌপথী গ্রামের আমেনা খাতুনের দেড় বছরের মেয়ে সুলতানা কয়েক দিন ধরে ঠান্ডা-কাশিতে ভুগছে। ১৫ মার্চ তিনি মেয়েকে নিয়ে উপস্বাস্থ্যকেন্দ্রে আসেন। মেয়েকে দেখিয়ে চিকিৎসকের কাছে ঠান্ডাজনিত সমস্যা বলার সঙ্গে সঙ্গে হাতে কয়েকটি ট্যাবলেট ধরিয়ে দিলেন কেন্দ্রের ফার্মাসিস্ট। পরে জ্যোৎস্না বেগম গ্যাস (গ্যাসট্রিকের সমস্যা) আর আছিয়া খাতুনের জ্বর বলতেই তাঁদের হাতে ধরিয়ে দেওয়া হলো ওষুধ। এই তিন রোগীকে চিকিৎসা দিতে তারাগঞ্জ উপজেলার কুর্শা উপস্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট মাত্র ৫৪ সেকেন্ড ব্যয় করেছেন।কুর্শা ইউনিয়নের পাশে স্থাপিত এ উপস্বাস্থ্যকেন্দ্রটিতে একজন চিকিৎসক, একজন সহকারী, একজন ফার্মাসিস্ট ও একজন পিয়ন থাকার কথা। বর্তমানে কর্মরত আছেন মাত্র একজন ফার্মাসিস্ট। তিনি সকালে এসে হাসপাতালের তালা খুলে ঝাড়ু দেন। পরে রোগী দেখে ওষুধ দেন।থানাপাড়া গ্রামের খয়বার হোসেন (৫৫) বলেন, ‘বাবা, ১০ বছরেও এটেকোনা ডাক্তার দেখনু না। ওষুধ চাইলেও পাওয়া যায় না। যেটা হামার কোনো উপকারত আইসে না, সেটা থাকি লাভ কী।’ফার্মাসিস্ট আবদুল কাদের বলেন, বিদ্যুতের সংযোগ না থাকায় এখানকার ফ্যান ঘোরে না, বাতি জ্বলে না। পানির অভাবে টয়লেট নোংরা ও দুর্গন্ধ হয়ে পড়েছে। বিষয়টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানানো হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুল হক মুঠোফোনে বলেন, স্বাস্থ্যকেন্দ্রটির চিকিৎসক, কর্মচারী-সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব শিগগিরই এ সমস্যা সমাধান হবে।